২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্নি হালবুসি ইরাকি পার্লামেন্টের স্পিকার নির্বাচিত

সুন্নি আইনপ্রণেতা মোহাম্মদ আল হালবুসি ইরাকি পার্লামেন্টের স্পিকার নির্বাচিত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2018, 08:46 PM

Updated : 08 Apr 2022, 07:01 PM

শনিবার স্পিকার নির্বাচনের ভোটাভুটিতে ৩২৯ আসনের ইরাকি পার্লামেন্টে ১৬৯ সদস্যের ভোট পেয়ে নির্বাচিত হন ৩৭ বছর বয়সী হালবুসি, খবর বার্তা সংস্থা রয়টার্সের।

হালবুসি ইরাকের সাবেক প্রতিরক্ষামন্ত্রী খালেদ আল ওবেইদিকে পরাজিত করেন।

পার্লামেন্টের অস্থায়ী নেতা শিয়া আইনপ্রণেতা হুশাম আল সুহায়িল ভোটের ফলাফল ঘোষণা করেন। হালবুসি ইরাকের ইতিহাসে সবচেয়ে কম বয়সী স্পিকার বলে জানিয়েছেন তিনি।

মে মাসে ইরাকের জাতীয় নির্বাচনে প্রার্থী হওয়ার আগে হালবুসি ইরাকের আনবার প্রদেশের গভর্নর ছিলেন। এর আগে ২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত ইরাকি পার্লামেন্টের সদস্য হিসেবে দায়িত্বপালন করেছেন তিনি।

ইরাকের জাতীয় নির্বাচনের পর ভোট গণনার জটিলতার জন্য গত মাসের আগে ফলাফল ঘোষণা সম্ভব হয়নি। এ কারণে নির্বাচনের পর থেকে দেশটিতে রাজনৈতিক অচলাবস্থা বিরাজ করছিল। স্পিকার নির্বাচনের মধ্য দিয়ে সেই অচলাবস্থা অবসানের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হলো বলে ধারণা করা হচ্ছে।

৩ সেপ্টেম্বর পার্লামেন্টের প্রথম অধিবেশনেই স্পিকার ও তার দুই ডেপুটিকে নির্বাচিত করার কথা ছিল। কিন্ত কোন প্রতিদ্বন্দ্বী জোটের সবচেয়ে বেশি আসন আছে আইনপ্রণেতারা তা নির্ধারণ করতে অসমর্থ হওয়ায় ওই নির্বাচন করা যায়নি।

হালবুসির স্পিকার নির্বাচনের মধ্য দিয়ে সংবিধানের রূপরেখা অনুযায়ী ৯০ দিনের মধ্যে নতুন সরকার গঠনের বাধ্যবাধকতা শুরু হল। এরপর আইনপ্রণেতাদের অবশ্যই নতুন একজন প্রেসিডেন্ট নির্বাচিত করতে হবে এবং বৃহত্তম জোটের নেতাকে প্রধানমন্ত্রী হিসেবে সরকার গঠনের দায়িত্ব দিতে হবে।

২০০৩ সালে ‍যুক্তরাষ্ট্রের ইরাক দখল ও সাদ্দাম হুসেনের পতনের পর থেকে ইরাকের ক্ষমতার ভারসাম্য তিনটি বৃহত্তর সাম্প্রদায়িক গোষ্ঠীর অংশীদারিত্বে মাধ্যমে নির্ধারিত হচ্ছে। ক্ষমতার এই ভারসাম্যপূর্ণ অংশীদারিত্ব অনুযায়ী দেশটির প্রধানমন্ত্রী হন শিয়া আরব, স্পিকার সুন্নি আরব আর প্রেসিডেন্ট হন একজন কুর্দি।