২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে ভিড়ের ওপর গাড়ি তুলে ছুরি হামলা, নিহত ১১

চীনের হেনজিয়াং নগরীর একটি জনাকীর্ণ স্কয়ারে লোকজনের ওপর গাড়ি তুলে দেওয়ার পর চালকের ছুরি ও কোদাল হামলায় মোট ১১ জন নিহত ও ৪৪ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2018, 10:08 PM

Updated : 19 Aug 2022, 02:34 PM

বৃহস্পতিবার হেনজিয়াং নগর কর্তৃপক্ষের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, হুনান প্রদেশের হেনজিয়াং নগরীর ব্যস্ত বিনজিয়াং স্কয়ারে স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৭:৪০ মিনিটে (১১:৪০ জিএমটি) এক ব্যক্তি লাল রঙের একটি স্পোর্টস কার (এসইউভি) পথচারীদের উপর তুলে দেয়।

এরপর ওই গাড়িটির চালক ইয়াং জানয়ুন (৫৪) সমাজের ওপর ‘প্রতিশোধ’ নিতে ছুরি ও কোদাল নিয়ে লোকজনের ওপর হামলা চালায়।

ইয়াংকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অনেক অপরাধের রেকর্ড আছে। মাদক বিক্রি, চুরি, অগ্নিসংযোগ ও লোকজনের ওপর হামলার অভিযোগে বেশ কয়েক বছর কারাগারে ছিলেন তিনি।

এসব ঘটনার কারণেই ‘সমাজের ওপর প্রতিশোধ নিতে’ তিনি হামলা চালিয়েছেন বলে কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়েছে, খবর বার্তা সংস্থা রয়টার্স ও বিবিসির। 

চীনের সংবাদ মাধ্যমে হামলার ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওতে লোকজনকে দৌড়াতে দেখা গেছে। রাস্তায় কয়েকজনকে পড়ে থাকতেও দেখা যায়।

কর্তৃপক্ষের দেওয়া প্রাথমিক বিবৃতিতে এ ঘটনায় তিন জনের মৃত্যুর কথা বলা হয়েছিল; পরবর্তী বিবৃতিতে নিহতের সংখ্যা বাড়ানো হয়।

এ ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক আছে বলে ইঙ্গিত পাওয়া যায়নি।