২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মারিয়া মোকাবিলায় সফলতার দাবি ট্রাম্পের, ক্ষুব্ধ প্রতিক্রিয়া

গত বছর পুয়ের্তো রিকোয় প্রাণঘাতি ঘূর্ণিঝড় মারিয়া আঘাত হানার পর যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়াকে ‘অসাধারণ’ অ্যাখ্যা দেওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তুমুল সমালোচনা চলছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2018, 02:40 PM

Updated : 08 Apr 2022, 07:00 PM

ক্যারিবীয় দ্বীপটির রাজধানী সান জুয়ানের মেয়র কারমেন ইউলিন ক্রুজ টুইটারে বলেছেন, “তিন হাজার মানুষের মৃত্যুকে যদি তিনি সফলতা হিসেবে চিন্তা করেন, তাহলে ঈশ্বর আমাদের সহায় হোন।”

ভয়াবহ ওই ঝড়ে লণ্ডভণ্ড হওয়ার ১১মাস পর অগাস্টে যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত দ্বীপটিতে বিদ্যুৎ সংযোগ পুরোপুরি চালু করা সম্ভব হয় বলে জানিয়েছে বিবিসি।

মারিয়া আছড়ে পড়ার পর আট শতাংশ বাসিন্দা দ্বীপটি ছেড়ে চলে গেছে বলে সাম্প্রতিক এক প্রতিবেদনে জানানো হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ঘূর্ণিঝড়ের পর দুর্বল স্বাস্থ্য সেবা ও অন্যান্য পরিষেবার ঘাটতির কারণেই পুয়ের্তো রিকোর অসংখ্য মানুষকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছে।

মঙ্গলবার রাতে দ্বীপটির গভর্নর রিকার্ডো রোসেলো এক বিবৃতিতে ঘূ্র্ণিঝড় মারিয়াকে তাদের সাম্প্রতিক ইতিহাসে ‘সবচেয়ে চরম প্রাকৃতিক দুর্যোগ’ হিসেবে অভিহিত করেছেন।

“আমাদের মৌলিক অবকাঠামো ধ্বংস হয়ে গিয়েছিল। হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে, অনেককে এখনও লড়াই করতে হচ্ছে,” বলেছেন তিনি।

যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের বাইরে ক্যারিবীয় অঞ্চলে অবস্থিত এ দ্বীপটিতে প্রায় ৩৩ লাখ মার্কিন নাগরিকের বাস।

আটলান্টিক মহাসাগর থেকে উদ্ভূত ঘূর্ণিঝড় ফ্লোরেন্স ক্যারোলাইনার দিকে ধেয়ে আসার মুহুর্তে ‘ঘূর্ণিঝড় মারিয়ার অভিজ্ঞতা থেকে মার্কিন প্রশাসন কী শিক্ষা নিয়েছে’ এমন প্রশ্নের জবাবে ট্রাম্প ভয়াবহ ওই দুর্যোগের পর মার্কিন কর্তৃপক্ষের প্রতিক্রিয়ার প্রশংসা করেন।

“পুয়ের্তো রিকোর গভর্নরকে সঙ্গে নিয়ে কেন্দ্রীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা, আইন শৃঙ্খলায় নিয়োজিত বাহিনী ও সবাই মিলে যা করেছে তা অসাধারণ ছিল বলে আমি মনে করি। আমি মনে করি পুয়ের্তো রিকো ছিল অবিশ্বাস্য, প্রশংসিত হয়নি এমন অভাবনীয় সাফল্য,” বলেন মার্কিন প্রেসিডেন্ট।

পুয়ের্তো রিকোর পুনর্গঠনে কেন্দ্রীয় সরকার বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে বলেও মঙ্গলবার দাবি করেন ট্রাম্প।

“যা করেছি তার জন্য পুয়ের্তো রিকোর বেশিরভাগ মানুষই আমাদের সত্যিকারের সাধুবাদ জানাবে বলে মনে করছি,” বলেন তিনি।

মার্কিন প্রেসিডেন্টের এসব মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানান পুয়ের্তো রিকোর গভর্নর রিকার্ডো রোসেলো। পুয়ের্তো রিকোর বাসিন্দারা মার্কিন অন্যান্য অঙ্গরাজ্যের অধিবাসীদের তুলনায় কম নাগরিক অধিকার পাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

ট্রাম্পবিরোধী হিসেবে পরিচিত সান জুয়ানের মেয়র ইউলিন মার্কিন প্রেসিডেন্টের সাম্প্রতিক মন্তব্যকে ‘আহতদের প্রতি অপমান’ অ্যাখ্যা দিয়েছেন। ইউলিন এর আগে ঘূর্ণিঝড় মারিয়ার পর ট্রাম্পের প্রতিক্রিয়াকে ‘তার প্রেসিডেন্সির কলঙ্ক’ হিসেবেও অভিহিত করেছিলেন।

প্রতিক্রিয়া জানিয়েছেন ডেমোক্রেট সিনেটর বার্নি স্যান্ডার্সও। টুইটারে তিনি বলেছেন, “প্রায় তিন হাজার লোক মারা পড়েছিল। এটা ‘সফলতা’ নয়। দুঃখজনক ও লজ্জা।”

ডেমোক্রেট সিনেটর চাক শুমার মারিয়ার সফলতা নিয়ে প্রেসিডেন্টের মন্তব্যকে ‘আক্রমণাত্মক, হৃদয়বিদারক ও সুস্পষ্ট মিথ্যা’ বলে অভিহিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক রিপাবলিকান সমর্থকই মারিয়ায় মার্কিন প্রশাসনের ব্যর্থতার কথা স্বীকার করে নিয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

গত বছরের সেপ্টেম্বরে ঘণ্টায় ২২৫ কিলোমিটার বেগের বাতাস ও তুমুল বৃষ্টি নিয়ে চার মাত্রার হারিকেন মারিয়া পুয়ের্তো রিকোয় আছড়ে পড়েছিল। উত্তরপূর্ব ক্যারিবীয় অঞ্চলে আঘাত হানা শক্তিশালী এ ঘূর্ণিঝড়ে ১০০ বিলিয়ন ডলারের মত ক্ষয়ক্ষতি হয়েছিল বলে অনুমান।

মারিয়ায় পুয়ের্তো রিকোতে ৬৪ জনের মৃত্যু হয়েছে বলে দীর্ঘসময় ধরে দাবি করে আসছিল হোয়াইট হাউস। কিন্তু চলতি বছর জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের এক প্রতিবেদনে ঘূর্ণিঝড়টিতে মৃতের সংখ্যা দুই হাজার ৯৭৫ বলে জানানো হয়।