নেপালে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬
নেপালের মধ্যাঞ্চলীয় পাহাড়ি এলাকায় সাত আরোহীসহ একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয় আরোহী নিহত হয়েছেন।
শনিবারের এ ঘটনায় এক আরোহী বেঁচে আছেন বলে জানিয়েছে কাঠমান্ডু পোস্ট।
অ্যালটিটিউড এয়ারের হেলিকপ্টারটি এক পাইলট ও ছয় যাত্রীসহ মধ্যাঞ্চলীয় গোর্খা জেলা থেকে রাজধানী কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা হওয়ার পর একপর্যায়ে যোগাযোগ হারিয়ে ফেলে। যাত্রীদের মধ্যে এক জাপানি ট্রেকারও ছিলেন বলে জানিয়েছে এনডিটিভি।
অ্যালটিটিউড এয়ার জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৮টা ৫ মিনিটের দিকে হেলিকপ্টারটি এয়ার ট্র্যাফিক কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে। পাইলট নিশাল কেসি হেলিকপ্টারটি চালাচ্ছিলেন।
সকাল ৮টা ১৮ মিনিটে হেলিকপ্টারটি ল্যান্ড করবে এমন প্রত্যাশা করা হচ্ছিল বলে জানিয়েছেন কাঠমান্ডুর ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরের (টিআইএ) মহাব্যবস্থাপক রাজকুমার ছেত্রি।
পরে নিউয়াকোট জেলার মাইলুং পাখা গিরিসঙ্কটের বন এলাকায় নিখোঁজ হেলিকপ্টারটির ধ্বংসাবশেষের খোঁজ পাওয়া যায়। নিকটবর্তী যে স্থানে উদ্ধারকারী হেলিকপ্টারগুলো নামে সেখান থেকে দুর্ঘটনাস্থলে পৌঁছতে দুই ঘন্টা সময় লাগে। খারাপ আবহাওয়ার কারণে উদ্ধারকাজে বিঘ্ন ঘটে।
নিউয়াকোটের পুলিশ প্রধান এসপি বসন্ত বাহাদুর কুনওয়ারের ভাষ্য অনুয়ায়ী, দুর্ঘটনাস্থলে হেলিকপ্টারটির ছয় আরোহীকে মৃত অবস্থায় পাওয়া যায়, কিন্তু এক নারী আরোহী জীবিত আছেন। ওই নারীর নাম আনি দোলমা বলে কাঠমান্ডু পোস্টকে জানিয়েছে অ্যালটিটিউড এয়ারের সূত্রগুলো।
হিমালয় পর্বত অঞ্চলের দেশ নেপালের যেসব জায়গায় সড়কপথে পৌঁছানো কষ্টসাধ্য অথবা কোনো সড়কপথ নেই সেইসব প্রত্যন্ত এলাকাগুলোতে পর্যটক ও মালামাল পৌঁছানোর কাজে বেসরকারি হেলিকপ্টার সার্ভিস দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। কিন্তু পাইলটদের নিম্নমানের প্রশিক্ষণ ও সঠিক রক্ষণাবেক্ষণের ঘাটতির কারণে দেশটির এয়ার সেইফটি রেকর্ড তলানির দিকেই রয়ে গেছে।
২০১৬ সালে কাঠমান্ডুর ২২ কিলোমিটার উত্তরে আরেকটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাত জন নিহত হয়েছিল।
