২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যের সঙ্গে সম্পর্ক নিয়ে চীনের হুঁশিয়ারি

বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে যুদ্ধজাহাজ পাঠিয়ে যুক্তরাজ্য উস্কানি দিচ্ছে এবং সম্পর্ক ক্ষতিগ্রস্ত করার ঝুঁকি নিচ্ছে বলে চীন সতর্ক করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2018, 12:09 AM

Updated : 08 Apr 2022, 06:59 PM

যুক্তরাজ্য পরিস্থিতি ঠিক করার উদ্যোগ না নিলে চীনের সঙ্গে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে এবং ব্রেক্সিট পরবর্তী মুক্ত বাণিজ্য চুক্তি করার সুযোগ নস্যাৎ হবে বলে হুঁশিয়ার করেছে দেশটির সরকার পরিচালিত একটি প্রধান পত্রিকা।

ব্রিটিশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ এইচএমএস আলবিয়ন গত মাসে বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের প্যারাসেল দ্বীপপুঞ্জের কাছ দিয়ে টহল দেয়। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করে চীন।

যুক্তরাজ্য ‘উস্কানি’ দিয়েছে দাবি করে বৃহস্পতিবার চীন জানায়, তারা এর বিরুদ্ধে শক্ত অভিযোগ দায়ের করবে।

যুক্তরাজ্য দীর্ঘদিন থেকেই চীনের সঙ্গে ব্রেক্সিট পরবর্তী একটি মুক্ত বাণিজ্য চুক্তি করার আশায় আছে। দু’দেশের সম্পর্কে ‘সোনালী অধ্যায়’ নিয়ে তারা আলোচনাও করেছে এবং গত মাসে ওই চুক্তি করার সম্ভাবনা খতিয়ে দেখতে রাজি হয়েছে।

চুক্তিটি করতে পারলে ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে’র সরকার রাজনৈতিকভাবে লাভবান হবে।

বিষয়টি নিয়ে দু’পক্ষে কোনোরকম আনুষ্ঠানিক আলোচনা কেবল ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্য বেরিয়ে যাওয়ার (ব্রেক্সিট) পরই শুরু হওয়া সম্ভব হলেও দক্ষিণ চীন সাগরের স্পর্শকাতর ইস্যুটি নিয়ে দু’দেশের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি বাড়ছে।

চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিয়াং দৈনিক এক সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, “যুক্তরাজ্য ভুল কাজ করেছে।”

তিনি বলেন, “এতে স্পষ্টতই ব্রিটিশ নেতারা চীনের সঙ্গে সম্পর্কে সোনালী অধ্যায় গড়ার যে সম্মিলিত ইচ্ছার কথা বলেছিলেন সেই স্পৃহা ভেস্তে গেছে। এ ঘটনা নিশ্চিতভাবেই চীন-ব্রিটেন সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলবে।”

“বিষয়টি যে অত্যন্ত গুরুতর ব্রিটেন তা স্বীকার করবে এবং পরিস্থিতি ঠিক করতে সচেষ্ট হবে বলেই আমরা আশা করি।”