২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকের বসরার প্রতিবাদে নিহত ১, আহত ২৫

ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর বসরায় তৃতীয় দিনের মতো নিরাপত্তা বাহিনীর সঙ্গে প্রতিবাদকারীদের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2018, 04:12 PM

Updated : 08 Apr 2022, 06:58 PM

ইরাকের দক্ষিণাঞ্চলীয় শহরটিতে বুধবার রাতের এ ঘটনায় আরও ২৫ জন আহত হয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন স্থানীয় স্বাস্থ্য, নিরাপত্তা ও মানবাধিকার সূত্রগুলো।

এর আগে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদুনে গ্যাস নিক্ষেপের পর গুলি করে নিরাপত্তা বাহিনী। সংঘর্ষ চলার সময় স্মোক গ্রেনেড বিস্ফোরণে এক প্রতিবাদকারী মাথায় আঘাত পান, পরে তিনি মারা যান।  

পর পর তিন দিন ধরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে প্রতিবাদকারীদের সংঘর্ষ ও এতে হতাহতের ঘটনায় সৃষ্ট অস্থিরতা ইরাকের প্রধান বন্দরনগরীজুড়ে ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

ইরাকের সংখ্যাগরিষ্ঠ শিয়া সম্প্রদায় অধ্যুষিত দক্ষিণাঞ্চলের বাসিন্দারা ভেঙে পড়া অবকাঠামো, তীব্র গরমের মধ্যে বিদ্যুৎ না থাকা ও দুর্নীতির বিরুদ্ধে কয়েক সপ্তাহ ধরে প্রতিবাদ বিক্ষোভ করে আসছে। তাদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর গ্রহণ করা পদক্ষেপে ক্ষুব্ধ হয়ে উঠেছেন স্থানীয়রা।

২০ লাখেরও বেশি বাসিন্দার শহর বসরার লোকজন জানিয়েছেন, সাপ্লাইয়ের পানিতে লবণ চুইয়ে পানি পানের অনুপযুক্ত হয়ে পড়েছে, এ কারণে গ্রীষ্মের এই গরমের মধ্যে তারা অসুস্থ হয়ে পড়ছেন আর এই কারণেই বেপরোয়া প্রতিবাদে নেমেছেন।

এই পানি পানে কয়েকশত লোক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানিয়েছেন তারা।

বুধবার রাতে তারা বসরার নিকটবর্তী উম কাসর বন্দরের প্রবেশপথে অবরোধ বসায়। এই বন্দরটি ইরাকের আমদানী করা খাদ্যশস্য প্রবেশের প্রধান পথ।

তারা বসরা থেকে রাজধানী বাগদাদগামী মহাসড়কেও অবরোধ বসায় এবং প্রাদেশিক সরকারের মূল দপ্তরভবনে অগ্নিসংযোগ করে। আগের দুইদিনের মতো তৃতীয় রাতেও তারা এই ভবনটির সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। 

বৃহস্পতিবার সকালেও প্রতিবাদকারীরা বন্দরের প্রবেশ পথ অবরোধ করে রেখেছিল বলে জানিয়েছেন বন্দরটির কর্মী ও স্থানীয় কর্মকর্তারা। তবে এই অস্থিরতার কারণে বন্দরের কার্যক্রমে গুরুতর কোনো বিঘ্ন ঘটেছে কি না তা শেষ খবর পাওয়া পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।

মে-তে দেশটিতে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হলেও কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় নতুন সরকার গঠন করতে হিমশিম খাচ্ছেন রাজনীতিকরা। রাজনৈতিক এই অচলাবস্থার মধ্যেই জনগণের মধ্যে ক্ষোভ তৈরি হতে থাকে। বসরার ঘটনায়      তারই প্রকাশ ঘটেছে বলে ধারণা বিশ্লেষকদের।

ইরাকের তেল সম্পদের মূল অংশ তাদের এলাকায় উত্তোলিত হলেও যুগ যুগ ধরে তারাই বঞ্চনার শিকার হয়ে আসছেন বলে অভিযোগ দক্ষিণের বাসিন্দাদের।

মঙ্গলবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে পাঁচ বিক্ষোভকারী নিহত হওয়ার পর পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।