২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসাদকে ‘গুপ্তহত্যার আলোচনা’ করেননি বলে দাবি ট্রাম্পের

সাংবাদিক বব উডওয়ার্ডের লেখা বইয়ের দাবি উড়িয়ে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি কখনোই সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে গুপ্তহত্যার বিষয়ে কোনো আলোচনা করেননি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2018, 02:23 PM

Updated : 08 Apr 2022, 06:58 PM

বুধবার কুয়েতের শাসক শেখ সাবাহ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহর হোয়াইট হাউস সফরকালে ট্রাম্প সাংবাদিকদের একথা বলেন, খবর বার্তা সংস্থা রয়টার্সের।

“সম্ভাব্য ওই গুপ্তহত্যা নিয়ে কখনোই আলোচনা হয়নি” বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।

“কখনোই এমনটা ভাবা হয়নি, ভাবা হবেওনা কখনো,” বলেন ট্রাম্প; এ সময় ওয়াশিংটন পোস্টের বিখ্যাত সাংবাদিক উডওয়ার্ডের প্রকাশিতব্য বইটিকে ‘কল্পকাহিনী’ অ্যাখ্যা দেন তিনি। 

‘ফিয়ার: ট্রাম্প ইন দ্য হোয়াইট হাউস’ শীর্ষক ওই বইটিতেই ট্রাম্প গত বছর আসাদকে হত্যায় আগ্রহ প্রকাশ করেছিলেন বলে দাবি করা হয়। প্রেসিডেন্ট এমনটি করতে চাইলেও প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস পরে তা অগ্রাহ্য করেছিলেন বলে ভাষ্য উডওয়ার্ডের।

‘ওয়াটারগেইট’ কেলেঙ্কারির প্রতিবেদন প্রকাশ করে খ্যাতি অর্জন করা উডওয়ার্ডের বইটির চুম্বক অংশ মঙ্গলবার প্রকাশ করে ওয়াশিংটন পোস্ট। এরপর থেকেই এটি নিয়ে সরগরম হয়ে ওঠে মার্কিন রাজনৈতিক অঙ্গন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিরিয়ার ইদলিবে আসাদবাহিনী হত্যাযজ্ঞ চালালে যুক্তরাষ্ট্র ‘খুব ক্রুদ্ধ হবে’ বলেও হুঁশিয়ারি দেন ট্রাম্প।

“হত্যাযজ্ঞ হতে পারে না। যদি হয় তাহলে বিশ্ব খুব, খুবই ক্রুদ্ধ হবে, যুক্তরাষ্ট্রও অত্যন্ত ক্রুদ্ধ হয়ে উঠবে,” ইদলিব প্রসঙ্গে বলেন ট্রাম্প। 

বিদ্রোহীদের শেষ সক্রিয় ঘাঁটি ইদলিবের নিয়ন্ত্রণ ফিরে পেতে সেখানে আক্রমণ শুরু করেছে আসাদ অনুগত সিরিয়ার সামরিক বাহিনী। সরকারি বাহিনীর অগ্রযাত্রা রুখতে বিদ্রোহীরা এরই মধ্যে সেখানকার একটি সেতু উড়িয়ে দিয়েছে বলে সিরিয়ার গৃহযুদ্ধের পর্যবেক্ষক একটি গোষ্ঠী বুধবার জানিয়েছে।

২০১৭ সালে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ নিজ দেশের নাগরিকদের ওপর কথিত ‘রাসায়নিক হামলা’ চালানোর পর ট্রাম্প আসাদকে হত্যা করতে তার প্রতিরক্ষামন্ত্রীকে বলেছিলেন বলে উডওয়ার্ডের বইটিতে দাবি করা হয়েছে।

প্রতিরক্ষামন্ত্রী ম্যাটিস তাৎক্ষণিকভাবে ট্রাম্পকে ‘এটাই ঠিক আছে’ বললেও পরে সিরিয়ায় স্বল্প মাত্রার বিমান হামলা চালান, যা ব্যক্তি আসাদের জন্য কোনো হুমকি ছিল না বলে প্রকাশিতব্য বইটিতে বলা হয়েছে।