বতসোয়ানায় অভয়ারণ্যের কাছে ৮৭ হাতিকে হত্যা
বন্যপ্রাণী সংরক্ষণের কাজে নিয়োজিত পরিবেশবাদীরা বতসোয়ানার বিখ্যাত একটি অভয়ারণ্যের কাছে ৮৭টি হাতির মৃতদেহের সন্ধান পাওয়ার কথা জানিয়েছেন।
ওকাভাঙ্গা ডেল্টা ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারি নামের অভয়ারণ্যতে জরিপ চালানো সংগঠন ‘এলিফেন্টস উইদাউট বর্ডারস’ বলছে, চোরা শিকারিরাই এসব হাতিকে হত্যা করেছে, নিহত হাতির সংখ্যায় আফ্রিকায় ঘটা এ ধরনের ঘটনাগুলোর মধ্যে এটি ‘বৃহত্তম’।
বতসোয়ানার সরকার বন্যাপ্রাণী নিধন ঠেকাতে ক্রিয়াশীল চোরা-শিকারবিরোধী বাহিনীকে নিরস্ত্র করার কয়েক মাসের মধ্যেই এ বিপুল সংখ্যক হাতি হত্যাকাণ্ডের শিকার হল বলে জানিয়েছে বিবিসি।
আফ্রিকার এ দেশটিতেই বিশ্বের সবচেয়ে বেশি হাতির বাস হওয়ায় চোরাশিকারিরা প্রায়ই এর সীমান্ত টপকে ভেতরে ঢুকে পড়ে।
অভয়ারণ্যটির বন্যপ্রাণীদের নিয়ে বিস্তৃত জরিপ চালানো বিজ্ঞানীরা জানান, তাদের কাজ চলাকালীন সময়েই সপ্তাহ কয়েক আগে এ ৮৭টি হাতিকে হত্যা করা হয়। চোরাশিকারিরা তিন মাসের ব্যবধানে ৫টি সাদা গণ্ডারও মেরে ফেলেছে বলে জানিয়েছেন তারা।
“আমি স্তম্ভিত। একেবারেই হতবুদ্ধি। এ যাবৎকালে আফ্রিকায় যত হাতি হত্যার ঘটনা শুনেছি বা পড়েছি তাতে এবারের ঘটনাই সবচেয়ে বড়। ২০১৫ সালে যে গ্রেট এলিফেন্ট সেন্সাস চালিয়েছিলাম সেখানকার তথ্য উপাত্তের সঙ্গে এগুলোর তুলনা করলে আফ্রিকার অন্য যে কোনো স্থানের তুলনায় এখানে হাতি চোরাশিকারের সংখ্যা দ্বিগুণ হয়েছে,” বলেন এলিফেন্টস উইদাউট বর্ডারের ড. মাইক চেস।
এক দশকে আফ্রিকার এক তৃতীয়াংশ হাতি শিকারিদের হাতে মারা পড়েছে বলে ২০১৫ সালের ওই জরিপে উঠে এসেছিল। তানজানিয়ার ৬০ শতাংশ হাতি মাত্র ৫ বছর সময়ের মধ্যে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল বলেও বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছিলেন।
চোরাশিকারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কারণে পরিবেশবাদীদের কাছে বতসোয়ানার বেশ সুনাম আছে। আফ্রিকার অন্যান্য অংশে হাতির সংখ্যা আশঙ্কাজনক হারে কমলেও এখানকার পরিস্থিতি ভিন্ন।
সীমান্তে কাঁটাতার তেমন একটা না থাকায় অ্যাঙ্গোলা, নামিবিয়া ও জাম্বিয়া থেকেও হাতিরা সীমানা পেরিয়ে ‘নিরাপদ’ হিসেবে বিবেচিত বতসোয়ানায় এসে আবাস গাড়ে বলে পরিবেশবাদীদের বসানো বিভিন্ন ট্র্যাকিং কলারে দেখা গেছে।
সশস্ত্র ও সুদক্ষ শিকারবিরোধী ইউনিটের কারণে চোরাশিকারের সংখ্যাও এখানে প্রায় বিরল ছিল। তবে মে মাসে নতুন সরকার ওই ইউনিটের হাত থেকে অস্ত্র কেড়ে নেওয়ায় চোরা শিকারিরা সুযোগ পেয়ে যায় বলেই ধারণা করা হচ্ছে।
হাতির দাঁতের জন্য মহাদেশজুড়ে চলা ধারাবাহিক চোরাশিকারের মধ্যে বতসোয়ানাকেই হাতিদের শেষ অভয়ারণ্য হিসেবে বিবেচনা করা হয়; এখানে হাতির সংখ্যা প্রায় এক লাখ ৩০ হাজার বলে অনুমান পরিবেশ বিজ্ঞানীদের।
