২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ায় সমকামিতার অভিযোগে দুই নারীকে বেত্রাঘাত

মালয়েশিয়ায় সমকামিতার অভিযোগে দুই নারীকে বেত্রাঘাত করেছে শরিয়া আদালত।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2018, 07:52 PM

Updated : 08 Apr 2022, 06:57 PM

বিবিসি জানায়, দুইজনের বয়স ২২ এবং ৩২। তেরেঙ্গানু রাজ্যের শরিয়া হাইকোর্টে তাদেরকে ৬ বার করে বেত মারা হয়।

রাজ্যটিতে এ ধরনের অপরাধের জন্য এটিই প্রথম কারো দোষী সাব্যস্ত হওয়া এবং প্রকাশ্যে শাস্তি পাওয়ার ঘটনা বলে জানিয়েছেন এক কর্মকর্তা।

দণ্ড কার্যকরের সময় শতাধিক মানুষ উপস্থিত ছিল বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।

গত এপ্রিলে ওই দুই নারীকে আটক করা হয়েছিল। শরিয়া আইন রক্ষাকারী বাহিনী তাদেরকে একটি গাড়িতে যৌনকর্মের চেষ্টার সময় আটক করে।

গতমাসেই তারা ইসলামিক আইন ভঙ্গের দোষ স্বীকার করার পর আদালত তাদেরকে বেত্রাঘাতের দণ্ডসহ ৮০০ মার্কিন ডলার জরিমানা করে।

মালয়েশিয়ায় সমকামিতা বেআইনি হলেও মানবাধিকার সংগঠনগুলো দুই নারীকে দেওয়া এ দণ্ডের প্রতিবাদ করেছে।

মালয়েশিয়ান মানবাধিকার সংগঠন উইমেন’স এইড অর্গানাইজেশন এক মন্তব্যে রয়টার্সকে বলেছে, “প্রাপ্তবয়স্কদের মধ্যে একে অপরের সম্মতিতে যৌন আচরণকে অপরাধ হিসেবে গণ্য করা উচিত নয়। সাজা দেওয়া বা বেত্রাঘাতের তো প্রশ্নই ওঠে না।”