রাশিয়ায় রানওয়ে থেকে উড়োজাহাজ ছিটকে আহত ১৮
রাশিয়ার দক্ষিণের নগরী সোচি বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে একটি উড়োজাহাজ পিছলে সেটিতে আগুন ধরে অন্তত ১৮ জন দগ্ধ হয়েছেন।
এ ঘটনার কেউ মারা যায়নি বলে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
তবে দুর্ঘটনার পর পরিষ্কার অভিযানের সময় এক বিমানবন্দরকর্মী প্রাণ হারিয়েছেন বলে জানায় দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া।
রাজধানী মস্কো থেকে উড়ে আসা ইউটিএয়ারের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজটিতে ১৬৪ জন যাত্রী এবং ছয়জন ক্রু ছিলেন।
অবতরণের সময় উড়োজাহাজটির ব্রেক ঠিকমত কাজ করেনি বলে জানায় রিয়া।
ওই সময় ঝড়ো হাওয়া এবং ভারি বৃষ্টি হচ্ছিল।
আগুন ধরার আট মিনিটের মাথায় তা নিয়ন্ত্রণে এনে এবং ১৭ মিনিটের মধ্যে সব আরোহীকে বাইরে বের করে আনা হয় বলে জানায় সোচি বিমানবন্দর কর্তৃপক্ষ।
রাশিয়ার ‘ফ্লাইট সেফটি ওয়াচডগ’ দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখছে।
