২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাম্প সমালোচক সাংবাদিকদেরকে হত্যার হুমকি, মার্কিনি অভিযুক্ত

গণমাধ্যমের বিরুদ্ধে বিষোদগার করার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করা বোস্টন গ্লোব পত্রিকার সাংবাদিকদেরকে হত্যার হুমকি দেওয়া এক মার্কিনিকে অভিযুক্ত করেছে এফবিআই।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2018, 11:53 PM

Updated : 08 Apr 2022, 06:56 PM

গোয়েন্দা সংস্থাটি বলেছে, রবার্ট চেইন নামের ৬৮ বছর বয়সী ওই ব্যক্তি ১২ বারের মত পত্রিকাটিতে ফোন করে সাংবাদিকদের গুলি করে মারার হুমকি দেন।

চেইনকে গত বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ার ইনসিনোয় তার বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। তার কাছে কয়েকটি আগ্নেয়াস্ত্র এবং সম্প্রতি কেনা একটি রাইফেলও আছে বলে পুলিশ জানিয়েছে।

চেইন দোষী সাব্যস্ত হলে তার পাঁচ বছরের কারাদণ্ড এবং দুই লাখ পঞ্চাশ হাজার ডলার জরিমানা হতে পারে।

কেন্দ্রীয় কয়েকটি নথিতে বলা হয়েছে, বোস্টন গ্লোব গণমাধ্যমের বিরুদ্ধে ট্রাম্পের ‘নোংরা’ যুদ্ধের নিন্দা করার জন্য বিভিন্ন সংবাদমাধ্যমকে আহ্বান জানানোর পর গত ১০ অগাস্ট প্রথমবার পত্রিকাটির বার্তা কক্ষে ফোন করেন চেইন।

 পরে ১৬ অগাস্ট ট্রাম্পের আক্রমণ থেকে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করতে দেশজুড়ে পত্রিকাগুলোর সমন্বিত সম্পাদকীয় ছাপবে বলেও জানিয়েছিল পত্রিকাটি।

রবার্ট চেইন সর্বশেষ গত বৃহস্পতিবার একটি টুইটে সাংবাদিকদেরকে ‘জনগণের শত্রু’ আখ্যা দেন বলে অভিযোগ আছে।

ট্রাম্প প্রায়ই গণমাধ্যমের সমালোচনায় একে ‘ভুয়া সংবাদমাধ্যম’ আখ্যা দিয়ে বিরোধী পক্ষ হিসাবে চিহ্নিত করেছেন এবং বরাবরই এদেরকে ‘জনগণের শত্রু’ বলে অভিহিত করে আসছেন।

যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, গণমাধ্যম নিয়ে ট্রাম্পের এসব মন্তব্য সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।