২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিনিদের উ. কোরিয়া ভ্রমণ নিষিদ্ধের মেয়াদ বাড়ছে

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর দেশের নাগরিকদের উত্তর কোরিয়া ভ্রমণে নিষেধাজ্ঞা আরো একবছর বাড়ানোর সিদ্ধান্ত জানিয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 30 Aug 2018, 11:55 PM

Updated : 25 Jul 2022, 08:37 PM

বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, “উত্তর কোরিয়া ভ্রমণকালে মার্কিন নাগরিকদের গ্রেপ্তার হওয়া এবং দীর্ঘদিন সেখানে বন্দি থাকার আশঙ্কা আছে। বিষয়টি নিয়ে উদ্বেগ এখনো কাটেনি।”

যুক্তরাষ্ট্র এ নিরাপত্তা উদ্বেগের কারণে ২০১৭ সালের ১ সেপ্টেম্বর থেকে মার্কিনিদের উত্তর কোরিয়া ভ্রমণে নিষেধাজ্ঞা কার্যকর করেছিল। শুক্রবারই এর মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। এরপর ২০১৯ সালের ৩১ অগাস্ট পর্যন্ত এ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হবে।

মার্কিন পররাষ্ট্রদপ্তর এক নোটিশে একথা জানিয়েছে। নোটিশটি শুক্রবারই জারি করা হবে।

উত্তেজনা কমানোর চেষ্টায় যুক্তরাষ্ট্র এবং উত্তর কোরিয়া আলোচনায় জড়িত। আর উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে গত জুনে বৈঠক করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তবে তখন থেকে এ সময়ের মধ্যে দু’দেশের সম্পর্ক শীতল হয়েছে এবং উত্তর কোরিয়া পরমাণু নিরস্ত্রীকরণে যথেষ্ট তৎপর না হওয়ার কারণে গত সপ্তাহে উত্তর কোরিয়ায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর পরিকল্পিত সফরও বাতিল হয়েছে।