নিউ ক্যালেডোনিয়া উপকূলে শক্তিশালী ভূমিকম্প
দক্ষিণ প্রশান্ত মহাসাগরের নিউ ক্যালোডোনিয়া উপকূলে সাগরের তলদেশে ৭ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে।
বুধবারের এই ভূমিকম্পের খবর দিয়ে এতে কোনো সুনামির হুমকি তৈরি হয়নি বলে জানিয়েছে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র।
কেন্দ্রটি জানিয়েছে, নিউ ক্যালেডোনিয়ার রাজধানী নুমেয়া থেকে ৩৭২ কিলোমিটার পূর্বে সাগরের তলদেশের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি।
তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো প্রতিবেদন পাওয়া যায়নি।
নুমেয়া থেকে টেলিফোনে নিউ ক্যালেডোনিয়ার বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র অলিভিয়ের সাইরি বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, “ভূমিকম্পটি অনুভব করেছি আমরা আর লয়াল্টি দ্বীপের ওরা আরও তীব্রভাবে অনুভব করেছে।
“কিন্তু বলার মতো কিছু নেই। কোনো ক্ষয়ক্ষতি হয়নি, সুনামিও হয়নি এবং আমরা আর কিছু আশাও করছি না।”
