২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপিন্সে পথোৎসবে বোমা হামলায় নিহত ১, আহত ৩৫

ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলে স্থানীয় একটি পথোৎসবে বোমা হামলায় অন্তত এক জন নিহত ও ৩৫ জন আহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2018, 09:51 AM

Updated : 08 Apr 2022, 06:56 PM

মঙ্গলবারের এ হামলায় ঘরে তৈরি একটি বোমা ব্যবহার করা হয়েছে এবং সেটি একটি মোটরসাইকেলের নিচে লুকানো ছিল বলে জানিয়েছে পুলিশ ও সেনাবাহিনী, খবর বার্তা সংস্থা রয়টার্সের।

ফিলিপিন্সের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ মিন্দানাওয়ের সুলতান কুদারাত প্রদেশের ইসুলান শহরের এক মহাসড়কে একটি রেস্তোরাঁর সামনে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। অঞ্চলটি জঙ্গিপ্রবণ বলে জানিয়েছে রয়টার্স।

বিস্ফোরণের পরপরই প্রাথমিক তদন্ত শুরু হয় এবং হামলার বিষয়ে কোনো সন্দেহভাজন নেই বলে জানিয়েছেন পুলিশ। তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি বলেও জানিয়েছে তারা।

মিন্দানাওয়ের কয়েকটি এলাকায় কয়েকদশক ধরে মাওবাদী ও ইসলামপন্থিদের বিদ্রোহ চলছে। এতে ওই এলাকাগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় দস্যুবৃত্তির পাশাপাশি কট্টরপন্থাও বৃদ্ধি পাচ্ছে। মিন্দানাওয়ে সামরিক শাসন জারি আছে এবং চলতি বছরের শেষ পর্যন্ত এটি বজায় থাকার কথা রয়েছে।

প্রাথমিক প্রতিবেদনের ভিত্তিতে প্রাদেশিক পুলিশ প্রধান নোয়েল কিনাজো জানিয়েছেন, এক জন নিহত, এক জনের অবস্থা সঙ্কটজনক ও আরও ৩৪ জন আহত হয়েছে।

অপরদিকে রেডিও স্টেশন ডিজেডআরএইচ বহু লোক নিহত হয়েছে বলে জানিয়েছে।

এ ঘটনার এক মাস আগে বাসিলান দ্বীপে এক সামরিক চেকপয়েন্টে একটি ভ্যান থামানোর পর ভ্যানটিতে থাকা বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছিল; আর তাতে চার বেসামরিকসহ ১১ জন নিহত হয়েছিল।

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করলেও ফিলিপিন্সের সামরিক বাহিনী তাতে দ্বিমত করে স্থানীয় কোনো গোষ্ঠী এ হামলার পেছনে আছে বলে সন্দেহ পোষণ করেছে।