প্রধানমন্ত্রিত্ব হারিয়ে পার্লামেন্ট ছাড়ার ঘোষণা টার্নবুলের
নিজ দলের ভিতরে বিদ্রোহে প্রধানমন্ত্রীর পদ হারানোর পর পার্লামেন্টের সদস্য পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার সদ্য সাবেক প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল।
অস্ট্রেলীয় গণমাধ্যমের প্রতিবেদনের বরাতে বিবিসি জানিয়েছে, আসছে শুক্রবার পার্লামেন্ট থেকে সরে যাবেন বলে জানিয়েছেন তিনি।
গত শুক্রবার অস্ট্রেলিয়ার ক্ষমতাসীন লিবারেল পার্টির নেতৃত্ব নির্বাচনের ভোটাভুটিতে ত্রিমুখী লড়াইয়ে টার্নবুলের রাজনৈতিক সহযোগী স্কট মরিসন নতুন নেতা নির্বাচিত হন। লিবারেল পার্টির নেতা হিসেবে মরিসন অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী হন।
সাম্প্রতিক উপ-নির্বাচনগুলোতে দলের বাজে ফল এবং দলের ভেতরে রক্ষণশীল অংশের বিদ্রোহে কয়েকটি দিন প্রবল চাপ আর চ্যালেঞ্জের মুখে পড়া টার্নবুল আর শুক্রবারের ভোটে প্রতিদ্বন্দ্বিতায় নামেননি।
ওই সময়ই বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছিল, ২০১৫ সাল থেকে অস্ট্রেলিয়র প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসা টার্নবুল পদ খোয়ানোর পর পার্লামেন্টে থেকেও সরে যাওয়ার ইংগিত দিয়েছেন।
টার্নবুলের ছেড়ে দেওয়া সিডনির আসনে উপনির্বাচনের মোকাবেলা করতে হবে লিবারেল পার্টি নেতৃত্বাধীন নতুন সরকারকে; আর তাতে পার্লামেন্টে লিবারেল পার্টির এক আসনের সংখ্যাগরিষ্ঠতা ঝুঁকির মুখে পড়তে পারে।
অক্টোবরে টার্নবুলের ছেড়ে দেওয়া আসনে উপনির্বাচন হতে পারে বলে জানিয়েছে অস্ট্রেলীয় গণমাধ্যম।
