শ্রীলঙ্কায় এক গণকবরে ৯০টি কঙ্কাল
শ্রীলঙ্কার উত্তর-পশ্চিমের শহর মান্নারে নতুন একটি গণকবর খুঁজে পাওয়া গেছে, সেখান থেকে ৯০টির বেশি মানুষের কঙ্কাল উদ্ধার করা হয়েছে।
শহরের প্রধান বাসস্ট্যান্ডের কাছে যে স্থানে ওই গণকবরটি খুঁজে পাওয়া যায় সেখানে আগে একটি পাইকারি পণ্য রাখার গুদাম ছিল।
বিশেষজ্ঞরা কঙ্কালগুলো পরীক্ষা করে সেগুলোর পরিচয় সনাক্তের চেষ্টা করছেন বলে জানায় বিবিসি।
এ বছর শুরুর দিকে নতুন ভবন নির্মাণের জন্য ওই স্থানে খোঁড়াখুঁড়ি শুরু হলে শ্রমিকরা প্রথম কঙ্কালগুলো দেখতে পায়। পরে শ্রীলঙ্কার একটি আদালত রাসায়নিক বিশেষজ্ঞদের গণকবরটি বিস্তৃত ভাবে খুঁড়ে দেখার নির্দেশ দেয়।
রাজধানী কলম্বো উপকণ্ঠে ইউনিভার্সিটি অব কল্যাণীয়ার প্রত্নতত্ত্ববিদ অধ্যাপক রাজ সোমদেবের নেতৃত্বে একটি দল গণকবরটি খোঁড়াখুঁড়ি ও পরীক্ষা-নিরীক্ষার কাজ করছে।
অধ্যাপক সোমদেব বলেন, “আমরা পুরো এলাকাটি দুই ভাগে ভাগ করতে পারি। এক ভাগে আমরা কবরস্থান সাধারণত যেমন হয় তেমন পেয়েছি। দ্বিতীয়ভাগে আমরা কঙ্কালগুলো যেভাবে পেয়েছি তা থেকে বোঝা যাচ্ছে সেগুলো প্রচলিত পন্থায় কবর দেওয়া হয়নি।”
এখনও গণকবরটির আশেপাশের বেশ কিছু এলাকা খোঁড়া বাকি আছে জানিয়ে তিনি বলেন, সেখানে আরও কঙ্কাল খুঁজে পাওয়া যাবে।
এখন পর্যন্ত যে কয়টি কঙ্কাল উদ্ধার করা হয়েছে তার অন্তত ছয়টি শিশুর। কারা এ হত্যাকাণ্ডর জন্য দায়ী, কারা হত্যাকাণ্ডের শিকার বা কবে এ হত্যাকাণ্ড হয়েছে তার কিছুই এখনও নিশ্চিত হওয়া যায়নি।
গণকবর এলাকায় জনসাধারণের প্রবেশ আটকাতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গণকবরে কাপড় বা অন্য কিছু পাওয়া যায়নি, যার মাধ্যমে নিহতদের পরিচয় সনাক্ত করা যায়।
শ্রীলঙ্কায় দীর্ঘ ২৬ বছর ধরে গৃহযুদ্ধ চলেছে। ২০০৯ সালে গৃহযুদ্ধের অবসানের পর যুদ্ধাঞ্চলে খুঁজে পাওয়া এটি দ্বিতীয় বৃহৎ গণকবর।
সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহী তামিল গেরিলাদের ওই যুদ্ধে এক লাখের বেশি মানুষ নিহত হয়। নিখোঁজ রয়েছে আরও অনেক মানুষ।
মান্নার জেলার বেশিরভাগ বাসিন্দাই তামিল। তবে গৃহযুদ্ধ চলাকালে বেশিরভাগ সময় মান্নার শহর লঙ্কান সেনাবাহিনীর নিয়ন্ত্রণে ছিল। যদিও শহরের আশেপাশের এলাকা এবং জেলার অন্যান্য অংশ তামিল টাইগার গেরিলাদের দখলে ছিল।
প্রায় ১০ বছর আগে মারাত্মক রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে সেনাবাহিনী পুরো মান্নার জেলার নিয়্ন্ত্রণ নেয়।
গণকবরটি ভেতর কঙ্কালগুলো যেভাবে রাখা আছে তা বিশেষজ্ঞদের ধাঁধায় ফেলে দিয়েছে বলে জানান সোমদেব।
“কঙ্কালগুলোর যেভাবে সারি করে রাখা আছে তা নিয়ে আমরা বেশ উদ্বিগ্ন। সারিগুলো সম্পূর্ণ এলোমেলো। এছাড়া শুরুতেই আমরা এক সারি কঙ্কালের নিচে আরো একসারি কঙ্কাল পেয়েছি।”
কঙ্কালগুলো উদ্ধারের পর সেগুলো সরাসরি মান্নার আদালতের হেফাজতে নেওয়া হচ্ছে। খোঁড়ার কাজ শেষ হওয়ার পর আদালত পরবর্তী কার্যক্রম নির্ধারণ করবে বলে জানায় বিবিসি।
কঙ্কালগুলো কাদের তা এখনও বিশেষজ্ঞরা নিশ্চিত হতে পারেননি। যে কারণে কোনো পক্ষকে এ হত্যাকাণ্ডের জন্য এখনই দায়ী করা যাচ্ছে না।
গৃহযুদ্ধের অবসানের পর শ্রীলঙ্কার যুদ্ধাঞ্চলে এখন পর্যন্ত বেশ কয়েকটি গণকবর খুঁজে পাওয়া গেছে।
যার মধ্যে সবচেয়ে বড় গণকবরটি পাওয়া যায় ২০১৪ সালে মান্নারের অন্য অংশে। থিরুকেথেস্বারামের সংযোগস্থলে একটি প্রখ্যাত হিন্দু মন্দিরের কাছে ওই গণকবরে ৯৬টি কঙ্কাল পাওয়া যায়।
তারপর চার বছর কেটে গেলেও এখন পর্যন্ত ওই কঙ্কালগুলো কাদের তা নিশ্চিত হওয়া যায়নি।
মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, গৃহযুদ্ধের সময় সেনাবাহিনী এবং তামিল গেরিলা উভয়ই বেসামরিক নাগরিকদের উপর নিষ্ঠুর গণহত্যা চালিয়েছে।
এখনও ২০ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছে বলে দাবি সংগঠনগুলোর।
শ্রীলঙ্কা সরকার বরাবরই বলছে, যুদ্ধের সময় সেনাবাহিনী বেসামরিক নাগরিকদের গণহত্যা বা গুম করেনি।
কয়েক বছর ধরে আন্তর্জাতিক চাপের পর এ বছরের শুরুর দিকে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে ‘অফিস অব দ্য মিসিং পারসন্স’ (ওএমপি) নামে স্বাধীন কমিটি গঠন করেছে শ্রীলঙ্কা সরকার।
ওএমপি থেকে মান্নারের গণকবর খনন কাজে ব্যবহৃত তহবিলের কিছু অংশের যোগান দেওয়া হচ্ছে।
