যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় ইউটিউব তারকাসহ নিহত ৩
যুক্তরাষ্ট্রে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে এক মা ও মেয়ে এবং মিকস্কিলেট নামে পরিচিত এক জনপ্রিয় ইউটিউব তারকা নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
স্থানীয় সময় বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে ক্যালিফোর্নিয়ায় এ দুর্ঘটনাটি ঘটেছিল বলে খবর বিবিসির।
মিকস্কিলেট নামে পরিচিত ১৮ বছর বয়সী ট্রেভর হিটম্যানের অনলাইন পরিচিতি ছড়িয়েছিল কাউন্টার স্ট্রাইক খেলার জন্য ও কাস্টম কনটেন্ট নকশাকার ও বিক্রয়কারী হিসেবে।
পুলিশ জানিয়েছে, সান ডিয়াগোর নিকটবর্তী একটি সড়কে তার ম্যাকলারেন স্পোর্টস কারটি উচ্চগতিতে রংসাইড দিয়ে বিপরীত দিকে যাওয়ার সময় একটি হিউন্দাই এসইউভি কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে তিনি ও ওই এসইউভিতে থাকা এক মা ও তার কন্যা ঘটনাস্থলেই নিহত হন।
পরে ওই মাকে ৪৩ বছর বয়সী আইলিন ও মেয়েকে ১২ বছর বয়সী আরিয়ানা পিজারো বলে শনাক্ত করা হয়।
এই দুর্ঘটনায় আরও কয়েকটি গাড়িও জড়িয়ে পড়ে। এতে আরও কয়েকজন আহত হন।
প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছেন, দুর্ঘটনার সময় ম্যাকলারেন গাড়িটি আন্তঃরাজ্য ৮০৫ সড়কের দক্ষিণমুখি একটি লেনে উল্টোমুখে উত্তরদিকে ঘন্টায় ১৬০ কিলোমিটারেরও বেশি গতিতে চলছিল।
ইউটিউবে হিটম্যানের প্রায় নয় লাখ অনুসারি ও টুইটারে লাখ লাখ অনুসারি ছিল। এর আগেও গাড়ি নিয়ে দুর্ঘটনায় পড়েছিলেন তিনি। এক নিষেধাজ্ঞার কারণে পাঁচ মাস নিজের চ্যানেলে একটিও ভিডিও আপলোড করেননি তিনি।
বৃহস্পতিবার দুর্ঘটনায় পড়ার আগে থেকে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন বলে জানিয়েছেন ফ্রেন্ডস অব দ্য ইউটিউবার অনলাইন।
দুর্ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
