হাওয়াইয়ে ধেয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় লেন
যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে ধেয়ে যাচ্ছে পাঁচ ক্যাটাগরির ঘূর্ণিঝড় লেন।
ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) বলেছে, ঘূর্ণিঝড় লেন মঙ্গলবার শক্তিশালী হয়ে ক্যাটাগরি ৫ ঝড়ে রূপ নিয়েছে।
হাওয়াইয়ের বাসিন্দারা এ ঝড়ে বাতাসের তীব্রতা এবং বৃষ্টি ও সামুদ্রিক ঢেউয়ের কারণে বন্যায় প্রাণহানির ঝুঁকিতে আছে।
মাত্র দু সপ্তাহ আগেই ওই অঞ্চলের ওপর দিয়ে বয়ে গেছে হারিকেন হেক্টর। এবারের হারিকেন লেন হারিকেন হেক্টরের চেয়েও বেশি ক্ষয়ক্ষতি ডেকে আনতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দ্বীপগুলোর খুব কাছ দিয়েই বয়ে যাচ্ছে হারিকেনটি। এ সপ্তাহান্তেই ঝড়টি তান্ডব ঘটাবে। বৃহস্পতি থেকে শনিবারের মধ্যেই এ বিপদ ঘনিয়ে আসতে পারে বলে জানিয়েছে এনএইচসি।
হাওয়াইয়ের কাইলুয়া-কোনার প্রায় ৩৫০ মাইল দক্ষিণ ও দক্ষিণপূর্ব থেকে বুধবার উত্তরপশ্চিমের দিকে অগ্রসর হয়েছে হারিকেন লেন। বৃহস্পতিবার এটি উত্তর ও উত্তরপশ্চিমের দিকে অগ্রসর হতে পারে।
এ ঝড়ের প্রভাবে হাওয়াইয়ের বিগ আইল্যান্ডে দমকা বাতাস ও বৃষ্টি হতে পারে। এরপর এ ঝড় বয়ে যেতে পারে মাউই, লানাই এবং মলোকা দ্বীপের ওপর দিয়ে।
কোথাও কোথাও ২০ ইঞ্চি বৃষ্টিপাতে আকস্মিক বন্যা ও ভূমিধস হওয়ারও আশঙ্কা আছে বলে জানিয়েছে ন্যাশনাল হারিকেন সেন্টার।
