২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোজোনের বেইলআউট থেকে বেরিয়ে এল গ্রিস

ইউরোজোনের অর্থনীতি পুনরুদ্ধার (বেইলআউট) কর্মসূচি অবশেষে সফলভাবে শেষ করেছে গ্রিস।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2018, 09:42 PM

Updated : 08 Apr 2022, 06:53 PM

ঋণসংকট জর্জরিত গ্রিস দেউলিয়া হওয়া থেকে বাঁচতে ইউরোভুক্ত দেশগুলো থেকে এ সহায়তা নিয়েছিল । তিনবছর মেয়াদী এ জরুরি ঋণ প্রকল্পের ৬ হাজার ১৯০ কোটি ইউরো শেষ পর্যন্ত শোধ করতে পেরেছে গ্রিস।

ইউরোপিয়ান স্ট্যাবিলিটি মেকানিজম (ইএসএম) এর গভর্নর বোর্ডের চেয়ারম্যান মারিও সেনটেনো এক বিবৃতিতে বলেন, “২০১০ সালের পর এই প্রথম গ্রিস নিজের পায়ে দাঁড়াতে পারছে। তাদের জন্য আর কোনো অর্থনীতি পুনরুদ্ধার তহবিলের প্রয়োজন নেই।”

২০১০ সালে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বেইলআউটের জন্য গ্রিস সরকারকে ব্যয়সঙ্কোচনে কঠোর কৃচ্ছ্র পদক্ষেপ নেওয়ার শর্ত দিয়েছিল। তখন চরম ব্যয়সঙ্কোচনের বিরুদ্ধে দেশটির জনগণ ধর্মঘট করেছিল।

তবে জনগণ যতই অপছন্দ করুক, চরম ব্যয়সঙ্কোচনের মাধ্যমে গত আট বছরের মধ্যে এই প্রথম গ্রিস বাজারে প্রচলিত সুদে ঋণ গ্রহণের যোগ্যতা অর্জন করতে পেরেছে।

বিবিসি জানায়, গত কয়েক বছর ধরে দেশটির অর্থনীতি ধীর গতিতে হলেও বাড়ছে। যদিও সংকটে পড়ার আগের তুলনায় এখনো দেশটির অর্থনীতির আকার ২৫ শতাংশ কম রয়েছে।

ইইউ’র অর্থনীতি ও অর্থ বিষয়ক কমিশনের প্রধান পিয়েরে মস্কোভিচি বলেন, “আজ থেকে গ্রিস ইউরোপের অন্যান্য দেশের মতই সম্মান পাবে।”

“এ রূপান্তরের মাধ্যমে দেশটিতে ভবিষ্যতের নির্ভরযোগ্য সংস্কারের গোড়াপত্তন হল। যদিও এই পুনর্গঠন কোনো ঘটনা নয়, বরং এটি একটি চলমান প্রক্রিয়া।”

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) তথ্যানুযায়ী, গত এক দশকে বিশ্বের চারটি দেশের অর্থনীতি গ্রিসের চেয়ে বেশি সঙ্কুচিত হয়েছে। ওই চারটি দেশ হল: ইয়েমেন, লিবিয়া, ভেনিজুয়েলা ও গিনি।

গ্রিসের বেইলআউট কেমন ছিল?

অর্থনীতির সংস্কার ও ব্যাংক তহবিলের জন্য ইউরোপিয়ান স্ট্যাবিলিটি মেকানিজম (ইএসএম) গ্রিস সরকারকে এ ৬ হাজার ১৯০ কোটি ইউরো ঋণ দিয়েছিল।

২০০৮ সালে বিশ্বমন্দা চরম আকার ধারণ করলে গ্রিসে তার মারাত্মক প্রভাব পড়ে।

গ্রিসের ডুবতে থাকা অর্থনীতিকে বাঁচাতে জরুরি ঋণ সহায়তার জন্য ২০১০ সালে প্রথম ঋণ সহায়তা প্যাকেজের (বেইলআউট) ব্যবস্থা করা হয়। সেবার ইউরোজোনের দেশগুলো এবং আইএমএফ যৌথভাবে প্রথম কিস্তিতে গ্রিসকে ২ হাজার কোটি ইউরো ঋণ দেয়।

২০০৬ সালের পর সেবারই প্রথম ইউরোপের একক মুদ্রা ইউরোর মূল্য ডলারের বিপরীতে সর্বনিম্ন হয়েছিল এবং গ্রিসের ঋণ সংকটের কারণে ইউরোপের দেশগুলোর বিশ্বমন্দা কাটিয়ে উঠতে ব্যর্থ হওয়ার আশঙ্কা জেগেছিল।

চরম সংকটের ওই সময়ে ইউরোজোনের পতনের শঙ্কাও দেখা দিয়েছিল। গ্রিসসহ ইউরোজোনের অন্যান্য দেশের একক মুদ্রা ইউরো বাতিলের অবস্থার সৃষ্টি হয়েছিল।

ইএসএম এখনো গ্রিসের জন্য আরও ২ হাজার ৭০০ কোটি ডলার সহায়তা প্রস্তুত রেখেছে। তবে এ সহায়তা গ্রিসের প্রয়োজন নেই বলেই মানছে তারা।

গ্রিসের জনগণ কি করছে?

চরম সঙ্কটের সময় গ্রিসে বেকারত্বের হার বেড়ে ২৮ শতাংশ হয়েছিল, যা হ্রাস পেয়ে বর্তমানে ১৯ দশমিক ৫ শতাংশ হয়েছে।

তবে দেশটির বেশিরভাগ মানুষ যে কাজ করছেন তারা আসলে সেটির তুলনায় অধিক যোগ্য।

যেমন, রসায়ন থেকে স্নাতক করা ৩৪ বছরের পানাগিওটা কালিয়াকমানি। যিনি নিজের শহরে এখন রাধুঁনির চাকরি খুঁজেন।

তিনি বলেন, “এই সঙ্কট মুখে চড় মারার মত। আমরা ইউরোপের একটি দেশে বসবাস করার সুবিধা পেতে অভ্যস্ত, আমরা এভাবেই বেড়ে উঠেছি। অথচ হঠাৎ করেই সব কিছু ভেঙে পড়তে শুরু করেছে।

“কোনো কিছুর নিশ্চয়তা নেই। এ সঙ্কট আমাদের দীর্ঘ মেয়াদে পরিকল্পনা না করার শিক্ষা দিয়েছে।”

সঙ্কট শুরু পর গ্রিসের প্রায় তিন লাখ মানুষ কর্মসংস্থানের জন্য অন্যান্য দেশ চলে গেছে। কিন্তু যারা দেশে রয়ে গেছে এবং রাষ্ট্রের দেওয়া সুবিধার উপর নির্ভরশীল তারা প্রতিদিন তাদের আয় কমে যেতে দেখছে।

৮১ বছরের ইয়রগোস ভাগেলাকোস কারখানার কর্মী হিসেবে অবসর গ্রহণ করেছেন। সঙ্কট শুরুর আগে তিনি অবসরভাতা এবং অন্যান্য সুবিধাসহ মোট ১২৫০ ইউরো পেতেন। এখন তিনি মাত্র ৬৮৫ ইউরো পান এবং তার ঋণ দিন দিন বাড়ছে বলে জানান।

বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, এখন তিনি আর তার দুই ছেলেকে সাহায্য করতে পারেন না। কোনো রকমে নিজের ও স্ত্রীর খরচ চালান।

গ্রিস কিভাবে অর্থনীতি সামাল দেবে? চলবে নজরদারি: 

বর্তমান অবস্থায় গ্রিসের অর্থনীতি স্থিতিশীল হলেও দেশটি এখনো পুরোপুরি সংকটমুক্ত নয়।

আর তাই বেইলআউট কর্মসূচি শেষ হলেও দেশটির ওপর থেকে ইইউ’র নজরদারি শেষ হচ্ছে না। গ্রিস কীভাবে অর্থনীতি পরিচালনা করছে সেটি তদারক করবে ইইউ যাতে দেশটি আবার আগের মন্দা অর্থনীতিতে ফিরে না যায়।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অর্থনীতি বিষয়ক কমিশনার বলেছেন, “মাঠ পর্যায়ে বাস্তবতা খুবই কঠিন। কৃচ্ছ্র সাধনের সময় শেষ হয়েছে। কিন্তু বেইলআউট শেষ মানেই সংস্কার কর্মসূচি বাস্তবায়নের শেষ নয়।”

গ্রিসকে এখনো অনেক দূর যেতে হবে। বিভিন্ন সংস্কারমূলক কাজ তারা কীভাবে চালাচ্ছে তার ওপর নজর রাখবে ইইউ।

অর্থনীতিবিদরা মনে করেন, আগামী দিনগুলোতে শক্তিশালী প্রবৃদ্ধি অর্জন করাটা এখন গ্রিসের জন্য খুবই জরুরি।