২০১৯ সালের নির্বাচনে আরো বড় জয়ে আশাবাদী মোদী
ভারতে আগামী বছরের নির্বাচনে আর বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার আশা প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
২০১৯ সালে ভারতের পরবর্তী জাতীয় নির্বাচন।
‘টাইমস অব ইন্ডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে মোদী বলেন, তার দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন সরকার দেশের জনগণের জীবনমান উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।
“গতবারের তুলনায় আমরা নিশ্চিতভাবেই বেশি আসন পাব এবং এনডিএ (ন্যাশনাল ডেমক্রেটিক অ্যালায়েন্স) অতীতের সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় উঠবে বলেই আমার বিশ্বাস।”
“জনগণ আমাদের সঙ্গে আছে, আমাদের ভয়ের কিছু নেই।”
ইমেইলে মোদীর এ সাক্ষাৎকার নেওয়া হয় এবং রোববার ‘টাইমস অব ইন্ডিয়া’য় এটি প্রকাশ করেছে।
জনমত জরিপও একই ইঙ্গিত দিচ্ছে। বেশিরভাগ জনমত জরিপে আগামী পাঁচ বছরের জন্য মোদীই এগিয়ে আছেন।
যদিও গত কয়েকমাসে স্থানীয় কয়েকটি নির্বাচনে বিজেপি প্রত্যাশা অনুযায়ী ফল পায়নি।
ওদিকে, বিরোধীদলগুলোর দাবি, কট্টর হিন্দুত্ববাদী অবস্থানের কারণে বিজেপি জনপ্রিয়তা হারাচ্ছে। বিশেষ করে দেশটির মুসলিম সম্প্রদায়ের মধ্যে।
এবছর মে মাসে দক্ষিণ কর্নাটকে স্থানীয় সরকার নির্বাচনে হেরে যায় বিজেপি। উত্তর প্রদেশেও স্থানীয় নির্বাচন দলটির জনপ্রিয়তা কমার কথা বলছে।
এ বিষয়ে মোদী বলেন, ভোটাররা কেন্দ্রে একটি শক্তিশালী ও দৃঢ় সরকার দেখতে চায়। যাতে ভারত শক্তিশালী অর্থনীতির দেশে পরিণত হয়ে বিশ্বের নেতৃত্ব দিতে পারে।
“আমার লক্ষ্য হল উন্নতি, দ্রুত উন্নতি এবং সবার জন্য উন্নতি। আমরা গত চারবছর অত্যন্ত প্ররিশ্রম করেছি এবং আমরা উন্নয়নের যে রাস্তায় চলছি তার মাধ্যমেই জনগণের কাছে পৌঁছব।”
মোদী ও তার দলকে রুখতে ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেস আঞ্চলিক বিভিন্ন দল, এমনকি বামপন্থি দলগুলোর সঙ্গে মহাজোট করার চেষ্টা করছে।
সম্প্রতি কট্টর হিন্দুদের কয়েকটি দল গো-রক্ষার নামে গবাদিপশু কেনাবেচার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের লোকজনের উপর হামলা করে তাদের কয়েকজনকে হত্যা করেছে।
গরু হিন্দুধর্মে পবিত্র পশু হিসেবে বিবেচিত হয়। যে কারণে কট্টর হিন্দুরা পুরো ভারত জুড়ে গোহত্যা এবং গোমাংস ভক্ষণ নিষিদ্ধের আইন চায়।
ওদিকে, পশু কোরবানি মুসলিমদের ধর্মীয় প্রথার অংশ এবং ভারতীয় উপমহাদেশে গরু কোরবানি দেওয়া প্রচলনই বেশি।
মুসলিমদের ধারণা, মোদী সরকার হামলাকারী কট্টর হিন্দুদের দলগুলোকে হয় আটকাতে সক্ষম না বা আটকাতে চাইছে না। ফলে তাদের মধ্যে বিজেপি’র জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে।
২০১৪ সালের নির্বাচনে ২৮২ আসনে জয়লাভ করে ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল বিজেপি। মোট ৫৪৩ আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমক্রেটিক অ্যালায়েন্সের আসন ৩৩৬টি।
যে কারণে গত মাসে বিরোধীদলের আনা অনাস্থা ভোটে সহজেই পার পেয়েছিলেন মোদী।
