২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শপথ অনুষ্ঠানে আমির খান, গাভাস্কার, কপিলকে আমন্ত্রণ ইমরানের

নিজের শপথ অনুষ্ঠানে ভারতীয় চলচ্চিত্র তারকা আমির খান, সাবেক ক্রিকেট তারকা সুনিল গাভাস্কার, কপিল দেব ও নভজোত সিং সিধুকে আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2018, 09:38 PM

Updated : 08 Apr 2022, 06:50 PM

২৫ জুলাই অনুষ্ঠিত পাকিস্তানের সাধারণ নির্বাচনের ফলাফলে সাবেক ক্রিকেট তারকা ইমরানের তেহরিক ই ইনসাফ (পিটিআই) পার্টি সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আত্মপ্রকাশ করে। তবে এককভাবে সরকার গঠনের মতো একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি দলটি।

জাতীয় নির্বাচনে ১১৫টি আসন জিতলেও এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১৩৭টি আসন না পাওয়ায় পিটিআই-কে জোট সরকার গঠন করতে হচ্ছে।

দলটি কেন্দ্রীয় জোট সরকারে তাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য এমকিউএম-পি, জিডিএ, পিএমএল-কিউ, পিএপির মতো অন্যান্য রাজনৈতিক দল ও নির্বাচিত স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে খবর পাকিস্তানের গণমাধ্যমের।

আগামী ১১ অগাস্ট পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন বলে দলীয় এক বৈঠকে জানিয়েছেন ইমরান।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ গ্রহণ করে ইমরানকে ‘চরিত্রবান মানুষ’ হিসেবে অভিহিত করেছেন সিধু।

বলেছেন, “আমি আমন্ত্রণ গ্রহণ করেছি। এটি একটি বড় সম্মান। প্রতিভাবান মানুষকে প্রশংসা, ক্ষমতাবান মানুষকে ভয় আর চরিত্রবান মানুষকে বিশ্বাস করতে হয়। খান সাব একজন চরিত্রবান মানুষ। তাকে বিশ্বাস করা যায়।”

ইমরান খানের মতো সিধুও ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর রাজনীতিক হিসেবে আত্মপ্রকাশ করেন। তিনি এখন ভারতের পাঞ্জাব রাজ্যের একজন মন্ত্রী।         

পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে নিজের শপথ গ্রহণ অনুষ্ঠানে ইমরান সার্কভুক্ত দেশগুলোর সরকার প্রধানদের আমন্ত্রণ করার কথা বিবেচনা করছেন, এর আগে কয়েকটি প্রতিবেদনে এমন কথা জানানো হলেও তা অস্বীকার করেছে তার দল পিটিআই।

বুধবার দলটির মুখপাত্র টুইটারে জানিয়েছেন, বিশিষ্ট বিদেশি অতিথিদের আমন্ত্রণ জানানো হবে কি না তা পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের সঙ্গে আলোচনার পর ঠিক করা হবে।