২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করবে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা অগাস্টের শেষ নাগাদ রাশিয়ার ওপর  নতুন নিষেধাজ্ঞা আরোপ করবে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2018, 06:58 PM

Updated : 08 Apr 2022, 06:50 PM

যুক্তরাজ্যে পক্ষত্যাগী সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার মেয়েকে নার্ভ এজেন্ট দিয়ে হত্যার চেষ্টায় রাশিয়া জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে উল্লেখ করে যুক্তরাষ্ট্র এ নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত জানিয়েছে।

নিষেধাজ্ঞার বিষয়ে বৃহস্পতিবারই ক্রেমলিনকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

এ বছর মার্চে যুক্তরাজ্যের সলসবুরিতে একটি পার্কের বেঞ্চ থেকে স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়াকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

ঘটনাটি তদন্তে যুক্তরাজ্যের গোয়েন্দারা রাশিয়াকে দায়ী করেছে। তবে মস্কো এ ঘটনায় তাদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছে।

স্ক্রিপাল হত্যাচেষ্টাকে কেন্দ্র করে রাশিয়ার সঙ্গে বিরোধে যুক্তরাজ্য ও এর অন্যান্য পশ্চিমা মিত্রদেশগুলো রুশ কূটনীতিক বহিস্কার করেছে। রাশিয়াও ওই সব দেশের কূটনীতিক বহিস্কার করে পাল্টা জবাব দিয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রবিভাগের মুখপাত্র হিদার নুয়ার্ট বলেছেন, “রাশিয়া যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে রাসায়নিক বা জীবাণু অস্ত্র ব্যবহার করেছে অথবা তার নিজ দেশের ওই দুই নাগরিকের ওপর প্রাণঘাতী রাসায়নিক কিংবা জীবাণু অস্ত্র প্রয়োগ করেছে সেটি অবধারিত।”

রাশিয়ার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা ২২ অগাস্ট থেকে কার্যকর হবে বলে জানিয়েছে বিবিসি। এর আওতায় পড়বে সংবেদনশীল বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি ও অন্যান্য প্রযুক্তি। যেগুলো সামরিক ক্ষেত্রে ব্যবহারযোগ্য। তাছাড়া, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সেবার ক্ষেত্রেও রাশিয়ার ওপর আরো কড়াকড়ি আরোপ করা হবে।

ব্রিটিশ সরকার যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়ে একটি টুইট করেছেন।

এতে তিনি বলেন, “নার্ভ এজেন্ট কিংবা অন্য কোনো ভয়াবহ অস্ত্র হামলার নতুন হাতিয়ার হিসাবে ব্যবহার হতে পারে না। তাছাড়া, রাশিয়ার মত রাষ্ট্র যারা এ ধরনের অস্ত্র ব্যবহার করে কিংবা এর ব্যবহার দেখেও না দেখার ভান করে- তাদের জানা উচিত যে, এর জন্য তাদেরকে মূল্য দিতে হবে।”

রাশিয়া যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপকে অত্যন্ত কঠোর বলে অভিহিত করেছে এবং স্ক্রিপাল হত্যাচেষ্টার অভিযোগ অস্বীকার করেছে। যুক্তরাষ্ট্রে রাশিয়ার দূতাবাস বলেছে, মস্কো বরাবরই স্ক্রিপালকে বিষপ্রয়োগের ঘটনাটির সচ্ছ্ব এবং অবাধ তদন্তের পক্ষপাতি।