২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফের প্রাকৃতিক দুর্যোগে জাপান, এবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড়

রাজধানী টোকিওর দিকে ধেয়ে আসা শক্তিশালী এক ঘূর্ণিঝড় মোকাবিলার জন্য প্রস্তুতি নিচ্ছে জাপান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2018, 01:38 PM

Updated : 08 Apr 2022, 06:50 PM

বুধবার ঘূর্ণিঝড়টি রাজধানী টোকিওয়ের কাছে স্থলভাগে আঘাত হানতে পারে এবং এর কারণে বিভিন্ন এলাকায় ভারি বর্ষণ ও ঝড়ো বাতাস বয়ে যেতে পারে বলে আবহওয়ার পূর্বাভাসে সতর্ক করা হয়েছে, খবর বার্তা সংস্থা রয়টার্সের।

 ‘শানশান’ নামের এ ঘূর্ণিঝড়টি এখন দুই মাত্রার শক্তি নিয়ে এগোতে থাকলেও জাপানের প্রধান দ্বীপ হনশুর পূর্বাংশের কাছাকাছি পৌঁছাতে পৌঁছাতে এটি কিছুটা দুর্বল হয়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে।

‘শানশান’ নামটি চীনা মেয়েদের নাম থেকে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ভোররাতের দিকে এটি টোকিওর কাছাকাছি পৌঁছে যাবে এবং সম্ভবত ওই দিক সকালেই টোকিওর ব্যস্ত সময়ে নগরীটিতে আছড়ে পড়বে।

ঘূর্ণিঝড়ের কারণে টোকিও ও এর আশপাশের এলাকায় বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩৫০ মিলিমিটারের (১৪ ইঞ্চি) মতো বৃষ্টিপাত হতে পারে, পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ ১৮০ কিলোমিটার (১১১ মাইল/ঘন্টা) বেগে ঝড় বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে জাপানের আবহাওয়া সংস্থা।

শানশান খুব ধীর গতিতে ঘণ্টায় সর্বনিম্ন ১৫ কিলোমিটার (৯ মাইল/ঘন্টা) গতিতে অগ্রসর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে এক একটি এলাকায় দীর্ঘসময় ধরে ভারি বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে।

টোকিওর কাছাকাছি এলাকায় তাণ্ডব চালানোর পর ঝড়টি হনশুর উত্তর-পশ্চিমাংশে তাণ্ডব চালিয়ে দুর্বল হয়ে পড়বে এবং একটি ক্রান্তীয় ঝড়ের রূপ নিয়ে প্রশান্ত মহাসাগরের দিকে চলে যাবে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

জুলাইয়ে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত জাপানের পশ্চিমাঞ্চল ‘শানশান’ এর আওতামুক্ত থাকবে বলে ধারণা করা হচ্ছে।

জুলাইয়ের শুরু থেকে একটার পর একটা প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হচ্ছে জাপান। দেশটির পশ্চিমাঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে বহু লোকের মৃত্যুর পর দেশজুড়ে তীব্র দাবদাহ শুরু হয়, আগের রেকর্ড ভেঙে তাপমাত্রা ৪১ দশমিক এক ডিগ্রিতে পৌঁছে যায়। এতে ৫ অগাস্ট পর্যন্ত অন্তত ১৩২ জনের মৃত্যু হয়।