‘বিশ্ববাসীকে পারমাণবিক বোমা হামলার ইতিহাস জানাতে হবে’
মানুষ যদি হিরোশিমার পারমাণবিক বোমা হামলার কথা ভুলে যায় তবে তারা আবারও এই ধরনের ভুল করতে পারে, তাই পারমাণবিক বোমা হামলার ক্ষতিকর দিক তুলে ধরে এর ইতিহাস সবাইকে জানাতে হবে বলে মন্তব্য করেছেন হিরোশিমার মেয়র।
সোমবার হিরোশিমার পারমাণবিক বোমা হামলার ৭৩তম বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত স্মরণ সভায় এ কথা বলেন জাপানের হিরোশিমা শহরের মেয়র কাজুমি মাতসুই।
পারমাণবিক নিরস্ত্রীকরণ আধুনিক বিশ্বের মুলনীতি হওয়া উচিত বলে এ সময় মন্তব্য করেন তিনি।
স্থানীয় সময় সকাল সোয়া ৮ টায় হিরোশিমার পিস মেমোরিয়াল পার্কে এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর স্বাগত বক্তব্য দেন হিরোশিমার মেয়র মাতসুই।
তার বক্তব্য শেষে পার্কের স্মৃতিস্তম্ভে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবেসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে ১৯৪৫ সালের ৬ অগাস্ট সকাল সোয়া ৮টায় হিরোশিমায় বিশ্বের প্রথম পারমাণবিক বোমা হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। এ ধরনের একটিমাত্র বোমার আঘাতে শহরটিতে ১ লাখ ৪০ হাজার লোক নিহত হয়, আহত হয় আরও কয়েক লাখ।
ওই ঘটনার পর থেকে গত সাত দশক ধরে এ দিনটিকে জাপানিরা গভীর শোক ও শ্রদ্ধায় স্মরণ করে আসছে।
নিজের বক্তব্যে হিরোশিমার মেয়র বলেন, “হিরোশিমায় আহত ব্যক্তিরা বিশ্বের বিভিন্ন দেশকে পারমাণবিক অস্ত্র ব্যবহারে নিরুৎসাহী করতে প্রচার-প্রচারণা চালিয়ে আসছে। কিন্তু তারপরও দেখা যাচ্ছে, বিশ্বের অনেক দেশ শক্তি ও ক্ষমতা প্রদর্শনের জন্য পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিচ্ছে, যা সারা বিশ্বের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিশ্ববাসীকে এই বিষয়ে সচেতন হতে হবে।
“পারমাণবিক বোমা হামলার ক্ষতিকর দিক তুলে ধরে এর ইতিহাস সবাইকে জানাতে হবে। মানুষ যদি হিরোশিমার কথা ভুলে যায় তবে তারা আবারও এই ধরনের ভুল করতে পারে। বিশ্বের আর কোনো শহরকে যেন হিরোশিমার অভিজ্ঞতা বরণ করতে না হয়।”
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেন, “জাপান পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণে কাজ করে যাচ্ছে। জাপান ‘পারমাণবিক অস্ত্র বিরোধী’ প্রচারণার সেতু হিসেবে কাজ করছে।”
তিনি আরো বলেন, “আমাদের বুঝতে হবে যে পারমাণবিক বোমা কতটা করুণ পরিণতি তৈরি করে। আর এ বুঝ থেকেই আমাদের পারমাণবিক অস্ত্র বিরোধী সহযোগিতার হাত বাড়াতে হবে।”
হিরোশিমার বোমা হামলায় আক্রান্ত জীবিতদের মধ্যে কয়েকজন স্মরণসভাটিতে উপস্থিত ছিলেন। তারাও পারমাণবিক অস্ত্র ব্যবহার থেকে বিরত থাকার জন্য বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
হিরোশিমার হামলার মাত্র তিন দিন পর ৯ অগাস্ট নাগাশাকিতে আরো একটি পারমাণবিক বোমা নিক্ষেপ করে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় এই পারমাণবিক মারণাস্ত্রের আঘাতে ওই শহরটিতে ৭৪ হাজার লোক নিহত হয়েছিল।
