২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়েতে ঐক্যের ডাক দিয়েছেন নতুন প্রেসিডেন্ট

জিম্বাবুয়েতে অনুষ্ঠিত মুগাবেবিহীন প্রথম নির্বাচনে জয় পাওয়ার পর দেশে ঐক্যের ডাক দিয়েছেন প্রেসিডেন্ট এমারসন এমনানগাওয়া।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2018, 07:49 PM

Updated : 08 Apr 2022, 06:48 PM

রবার্ট মুগাবের টানা চার দশকের শাসনের পর গত বছর জিম্বাবুয়ের প্রেসিডেন্ট হয়েছিলেন এমারসন। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ভোটের ফলে তাকে বিজয়ী ঘোষণা করেছে। কিন্তু বিরোধীরা এখনো ভোটের ফল মেনে নেয়নি।

বিরোধীদলীয় নেতা নেলসন চামিসা ভোটের ফল ঠিকভাবে যাচাই করে দেখার দাবি জানিয়েছেন। যাচাই না করেই ভুয়া ফলের ভিত্তিতে এমারসনকে জয়ী করা হয়েছে বলে শুক্রবার অভিযোগ করেছেন তিনি।

বিরোধীদের ভোটের এ ফল প্রত্যাখ্যানের মুখেই এমারসন দেশের জনগণকে তার সঙ্গে একতাবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।

এক টুইটার বার্তায় তিনি বলেন, “ এ এক নব সূচনা। আসুন আমরা শান্তি, ঐক্য ও ভালোবাসায় হাতে হাত মিলাই এবং একযোগে সবার জন্যই একটি নতুন জিম্বাবুয়ে গড়ে তুলি।”

দেশটিতে নির্বাচনের তিন দিন পর বৃহস্পতিবার ১০টি প্রদেশের ফল ঘোষণা শেষে জানু-পিএফ পার্টির প্রার্থী এমারসন এমনানগাওয়া ৫০ দশমিক ৮ শতাংশ ভোট পেয়েছেন বলে জানায় জিম্বাবুয়ের নির্বাচন কমিশন।

প্রতিদ্বন্দ্বী মুভমেন্ট ফর ডেমোক্রেটিক চেইঞ্জ (এমডিসি) জোটের প্রার্থী নেলসন চামিসা ৪৪ দশমিক ৩ শতাংশ ভোট পেয়েছেন। ৫০ শতাংশের বেশি ভোট পাওয়ায় এমারসন দ্বিতীয় দফার ভোট এড়াতে পেরেছেন।

ফল ঘোষণার পরই নির্বাচন কমিশনের মঞ্চে বিরোধী প্রতিনিধিরা প্রতিবাদ জানায়। পরে পুলিশ এসে তাদের সরিয়ে নেয়।

নির্বাচন কমিশন বলছে, ফলে ‘কোনো ধরনের চাতুরি’ করা হয়নি।

গত সোমবার অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে প্রেসিডেন্ট পদে ছাড়াও পার্লামেন্টের সদস্য ও স্থানীয় সরকারের কর্মকর্তা ঠিক করতে ভোট দিয়েছিল জিম্বাবুয়ের নাগরিকরা।

প্রথমে ঘোষিত পার্লামেন্ট নির্বাচনের ফলে জানু-পিএফ দুই তৃতীয়াংশেরও বেশি আসনে বিজয়ী হওয়ার কথা জানানোর পর থেকেই হারারাজুড়ে তীব্র বিক্ষোভ শুরু করে বিরোধী জোটের সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পরে সেনাবাহিনী মোতায়েন করা হয়।

বিক্ষোভকারীদের পাথরের বদলায় সৈন্যরা পাল্টা গুলি ছুড়লে সহিংসতা ছড়িয়ে পড়ে। বুধবার পর্যন্ত রক্তক্ষয়ী সংঘর্ষে দেশটিতে অন্তত ৬ জন নিহত হয়।

সহিংসতার পর বৃহস্পতিবার জিম্বাবুয়ের রাজধানীতে থমথমে, ভূতুড়ে পরিস্থিতি বিরাজমান ছিল। পুলিশ এখনো রাজধানীর রাস্তাগুলোতে টহল দিচ্ছে।

পুলিশ ভ্যানে করে লাউডস্পিকারে লোকজনকে কাজে ফেরার আহ্বানও জানানো হচ্ছে। মানুষজনকে অভয় দিয়ে তাদের সুরক্ষা ব্যবস্থা নেওয়া হবে বলে জানাচ্ছে পুলিশ।

শহরের বিরোধীদলীয় শিবিরে স্বাভাবিকের চেয়েও বেশি শান্ত পরিস্থিতি বিরাজ করছে। ওদিকে, হারারের অন্য অংশে প্রেসিডেন্ট এমারসনের সমর্থকরা তার জয় উদযাপন করছে।

টুইটারে এমারসন বলেছেন, নির্বাচনে জিততে পেরে তিনি কৃতার্থ। তিনি বলেন, “ভোটে আমাদের মধ্যে বিভেদ থাকলেও আমাদের স্বপ্ন এক। এ এক নব সূচনা।”

এর আগে এমারসন জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছিলেন এবং সংকট নিরসনে সরকার বিরোধীদলীয় নেতা চামিসার সঙ্গে কথা বলছে বলে জানিয়েছিলেন।

বুধবারের সহিংসতার পেছনে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় আনার জন্য নিরপেক্ষ তদন্ত শুরুর প্রস্তাবও দিয়েছেন তিনি।