২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুইডেনে পুলিশের গুলিতে প্রতিবন্ধী তরুণ নিহত

ডাউন সিনড্রোম আক্রান্ত তরুণ এরিক টোরেল খেলনা বন্দুক হাতে বাড়ির বাইরে বেরিয়েছিলেন। তাকেই কিনা ‘হুমকি’ ভেবে গুলি করে সুইডিশ পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2018, 02:11 PM

Updated : 19 Aug 2022, 02:25 PM

রাজধানী স্টোকহোমের ভাসাসতান জেলায় বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, তাদের তিন কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছে এরিককে তার ‘অস্ত্র’ ফেলে দিতে বলে।

“কিন্তু সে অস্ত্র ফেলে দেয়নি। সেখানে বিপদজনক পরিস্থিতির সৃষ্টি হওয়ার পর পুলিশ গুলি করে।”

হাসপাতালে নেওয়ার পর চিকিৎসরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার কয়েকঘণ্টা আগে ২০ বছরের এরিক বাড়ি থেকে নিখোঁজ হয়েছিল বলে জানায় তার পরিবার।

এরিকের মা ক্যাটারিনা বলেন,  ওই খেলনাটি সে উপহার পেয়েছিল।

নিজের ছেলেকে তিনি ‘বিশ্বের সবচেয়ে দয়ালু মানুষ’ বলে বর্ণনা করেন।

স্থানীয় গণমাধ্যমকে তিনি বলেন, “এরিকের চলাফেলায় অনেক সমস্যা ছিল। এমনকি সে ঠিকমত কথা বলতেও পারত না। সে শুধুমাত্র ‘মম’ শব্দটি বলতে পারত।

“সে একটা মাছিকেও আঘাত করত না। আমি কিছুই বুঝতে পারছি না।”

এরিক এর আগেও কয়েকবার বাড়ি থেকে নিখোঁজ হয়েছিল এবং প্রতিবারই সে ফিরে এসেছে বা খুঁজে আনা হয়েছে বলে জানান তার মা।

এ ঘটনায় পুলিশের দায়িত্বে কোনো অবহেলা হয়েছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।