২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়েতে বিরোধীদলের সমর্থকদের সঙ্গে সেনা-পুলিশ সংঘর্ষ

জিম্বাবুয়েতে ভোটের চূড়ান্ত ফল প্রকাশের আগেই রাজধানী হারারেতে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। সেনাদের গুলিতে অন্তত একজন নিহত হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 01 Aug 2018, 09:57 PM

Updated : 08 Apr 2022, 06:47 PM

বুধবার দেশটির নির্বাচন কমিশন ভোটের আংশিক ফল প্রকাশ করে। সেখানে দেখা যায় ক্ষমতাসীন জানু-পিএফ পার্টি ১৪৪টি আসন পেয়েছে। যার অর্থ, পার্লামেন্টের নিম্নকক্ষে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা সংবিধান সংশোধন করতে পারবে।

প্রধান বিরোধী দল এমডিসি অ্যালায়েন্স পেয়েছে ৬১টি আসন। এখনও তিনটি আসনে ফল ঘোষণা বাকি। দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষের মোট আসন ২১০টি।

সোমবার ভোটের পরদিন জয়ের আশা প্রকাশ করলেও বুধবার আংশিক ফল প্রকাশের আগেই এমডিসি অ্যালায়েন্স থেকে ক্ষমতাসীন দলের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ ওঠে।

এদিন এমডিসি কর্মীরা হারারেরকেন্দ্রস্থলে টায়ারে আগুন দিয়ে এবং সড়ক বন্ধ করে বিক্ষোভ শুরু করে। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ব্যবহার করলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মাঠে নামানো হয়।

হারারের কেন্দ্রস্থলে একটি বাস স্ট্যান্ডের কাছে সেনাদের গুলিতে অন্তত একজন নিহত হয়েছেন বলে জানান ঘটনাস্থলে উপস্থিত রয়টার্সের এক আলোকচিত্রী।

প্রায় চার দশক ক্ষমতার কেন্দ্রে থাকা রবার্ট মুগাবেকে উৎখাতের পর প্রথমবার সাধারণ নির্বাচনে ভোট দিয়েছেন জিম্বাবুয়ের নাগরিকরা। ভোটের মাধ্যমে তারা নতুন প্রেসিডেন্ট, সংসদ এবং স্থানীয় কাউন্সিলর নির্বাচন করবেন।

দীর্ঘদিন পর স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ পেয়ে জিম্বাবুয়ের নাগরিকরা বিপুল উৎসাহে ভোট দিয়েছেন। সোমবার ৭০ শতাংশের বেশি ভোট পড়েছে।

ভোট অবাধ ও সুষ্ঠু হয়েছে বলে মত দিয়েছে আফ্রিকান ইউনিয়নের পর্যবেক্ষক দল।

তবে প্রেসিডেন্ট পদে বিজয়ী প্রার্থীর নাম ঘোষণায় অকারণ দেরি হওয়ার নিয়ে প্রশ্ন তুলেছে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল।

বুধবার এক টুইটে বিরোধীদলের নেতা নেলসন চামিসা বলেন, সোমবারের নির্বাচনে ‘পপুলার ভোটে’ তিনি জিতেছেন।

একইদিন বর্তমান প্রেসিডেন্ট এমারসন এমনানগাওয়াও এক টুইটে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার আগ পর্যন্ত সবাইকে ‘শান্ত থাকার এবং ধৈর্য্য ধরার’ আহ্বান জানিয়েছেন।

নির্বাচন কমিশন স্থানীয় সময় বুধবার সাড়ে ১২টা থেকে (জিএমটি ১০:৩০) প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণা করার কথা জানিয়েছিল। যদিও পরে নির্বাচন কর্মকর্তারা বৃহস্পতিবার থেকে ফল ঘোষণা করা হবে বলে জানান।