মেক্সিকোয় বিমান বিধ্বস্ত, ১০৩ আরোহীর সবাই জীবিত
মেক্সিকোর ডুরাঙ্গো প্রদেশের রাজধানীতে যাত্রীবাহী একটি উড়োজাহাজ আকাশে উড়াল দেওয়ার পরপরই বিধ্বস্ত হয়েছে।
তবে সৌভাগ্যক্রমে উড়োজাহাজটির ১০৩ আরোহীর সবাই প্রাণে বেঁচে গেছে। যদিও তাদের মধ্যে ৯৭ জন আহত হয়েছে।
রাজ্যের গভর্নর হোসে রোসাস আইসপুরো বলেন, বাতাসের প্রচণ্ড ঝাপটায় উড়োজাহজটি হঠাৎ করেই নিচের দিকে নামতে থাকে। এক পর্যায়ে এটির বাঁয়ের পাখা মাটিতে বাড়ি খায় এবং দুইটি ইঞ্জিনই বন্ধ হয়ে যায়।
উড়োজাহটিতে আগুন ধরে যাওয়ার আগেই বেশিরভাগ আরোহী বাইরে বেরিয়ে আসতে সক্ষম হয় বলে জানান তিনি।
স্থানীয় সময় বুধবার বিকাল ৪টার দিকে (২১:০০ জিএমটি) ডুরাঙ্গোর গুয়াডালুপে ভিক্টোরিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অ্যারোমেক্সিকোর ফ্লাইট এএম২৪৩১ উড়োজাহাজটি মেক্সিকো সিটিতে রওয়ানা হয়েছিল।
প্রাথমিকভাবে উড়োজাহাজটিতে ৯৭ জন যাত্রী ও ৪ জন ক্রু থাকার কথা জানানো হয়।
পরে গভর্নর আরও দুইটি শিশু ছিলো বলে জানান।
আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। তাদের একজন উড়োজাহাজটির পাইলট, তার মেরুদণ্ড ভেঙে গেছে এবং অস্ত্রোপচারের প্রয়োজন হবে।
আরেক তরুণী মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন। তবে দুইজনের অবস্থাই স্থিতিশীল আছে বলে জানায় বিবিসি।
ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনায় যাত্রীদের একজন জ্যাকুলিন ফ্লোরেস বলেন, “আমরা তখন আকাশে, উপরে। হঠাৎ করেই মনে হল উড়োজাহাজটি নিচের দিকে নামছে, তারপরই সেটি মাটির সঙ্গে বাড়ি খেল।”
৪৭ বছর বয়সী অন্য এক নারী বলেন, “আমার মনে হলো উড়োজাহাজটি রানওয়েতেই আছড়ে পড়েছে, কারণ সেটি শক্ত কিছুর উপর পড়েছে। তারপর সেটি না থামা পর্যন্ত পিছলে চলল।
“সিটবেল্ট খুলতে খুলতেই আমি আগুন দেখতে পেলাম, বুঝতে পারলাম আমাকে লাফ দিতে হবে। আমরা যেখানে বসেছিলাম তার কাছেই ডান দিকে গর্ত দেখতে পেলাম। আসলে ওই জায়গাটা ভেঙে গিয়েছিল। আমি আমার মেয়েকে বললাম আমাদের লাফ দিতে হবে এবং আমরা লাফ দিলাম।”
স্থানীয় একজন রাজনীতিবীদও উড়োজাহাজটিতে ছিলেন।
তিনি বলেন, “আমার সৌভাগ্য যে আমি মূল দরজা দিয়েই বেরিয়ে আসতে পেরেছি। উড়োজাহাজটি আছড়ে পড়ার পর দরজাটি ভেঙে এমনভাবে পড়েছিল যে সেটি র্যাম্পের কাজ করেছে।
“আমি সেটি থেকে বেরিয়ে এসে দেখি অন্য যাত্রীরা বের হচ্ছে। সে সময় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আমার মনে হয় সে কারণে উড়োজাহাজে আগুন ধরতে কিছুটা সময় লেগেছে এবং আরোহীরা প্রাণে বেঁচে গেছে।”
