২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাম্পের বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের

কোনো ধরনের পূর্বশর্ত ছাড়াই ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে বৈঠকের যে প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন, তা প্রত্যাখ্যান করেছে তেহরান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2018, 02:27 PM

Updated : 08 Apr 2022, 06:48 PM

দেশটির শীর্ষ কর্মকর্তা ও সামরিক কমান্ডাররা ট্রাম্পের প্রস্তাবকে ‘মূল্যহীন’ ও ‘অলীক কল্পনা’ অ্যাখ্যা দিয়েছেন বলে জানিয়েছে রয়টার্স।

তেহরানের ওপর নিষেধাজ্ঞা আরোপে মার্কিন প্রশাসনের সাম্প্রতিক তৎপরতা ও ট্রাম্পের প্রস্তাব, একে অপরকে খারিজ করছে বলেও মন্তব্য ইরানি কর্মকর্তাদের।

২০১৫ সালে ছয় বিশ্বশক্তির সঙ্গে স্বাক্ষরিত পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়াকে ‘অবৈধ’ অ্যখ্যা দেওয়া রুহানিও বলেছেন, ইরানের তেল রপ্তানিতে বাধা দিতে ওয়াশিংটনের নতুন প্রচারণা সত্ত্বেও সহজে হাল ছাড়বে না তেহরান।

পারমাণবিক কর্মসূচিতে লাগাম টানার বিনিময়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার শর্তে তিন বছর আগে জার্মানি, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশান (জেসিপিওএ) নামের চুক্তিটিতে স্বাক্ষর করেছিল ইরান।

শুরু থেকেই বারাক ওবামা আমলে স্বাক্ষরিত চুক্তিটির তুমুল বিরোধী ছিলেন ট্রাম্প। ক্ষমতায় গেলে চুক্তিটি থেকে ওয়াশিংটনকে সরিয়ে আনবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। তিন মাস আগে মে-তে সে প্রতিশ্রুতি বাস্তবায়নও করেন মার্কিন প্রেসিডেন্ট।

ইউরোপীয় মিত্রদের আপত্তির মুখেও তেহরানের ওপর নতুন অর্থনৈতিক অবরোধ আরোপের পথেও হাঁটছে ট্রাম্প প্রশাসন।

এর মধ্যেই সোমবার মার্কিন প্রেসিডেন্ট কোনো ধরনের পূর্বশর্ত ছাড়াই ইরানের সঙ্গে সম্পর্কোন্নয়নে দেশটির প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের আগ্রহ প্রকাশ করেন।

যার প্রতিক্রিয়ায় পরে টুইটারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, পরমাণু চুক্তি থেকে সরে গিয়ে আলোচনা বন্ধের জন্য ওয়াশিংটন কেবল নিজেদেরই দায় দিতে পারে।

“চুক্তি থেকে বের হয়ে যাওয়া ও আলোচনার টেবিল ছেড়ে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্র নিজেদেরই দোষারোপ করতে পারে। হুমকি, নিষেধাজ্ঞা কিংবা লোক দেখানো আয়োজন কোনোকিছুতেই কাজ হবে না,” বলেছেন জাভেদ জারিফ।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, ইরানের ওপর ওয়াশিংটনের নিষেধাজ্ঞা এবং এ ইসলামি প্রজাতন্ত্রের সঙ্গে ব্যবসা না করতে অন্যান্য দেশের ওপর মার্কিন প্রশাসন যেভাবে চাপ দিচ্ছে তার সঙ্গে ট্রাম্পের আলোচনার প্রস্তাব একেবারেই বিপরীতধর্মী।

“নিষেধাজ্ঞা ও চাপ আলোচনা প্রস্তাবের একেবারেই বিপরীত,” মঙ্গলবার কাসেমি এমনটাই জানিয়েছেন বলে খবর ইরানি বার্তা সংস্থা ফারসের।

ইরানের প্রভাবশালী বিপ্লবী রক্ষীবাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আলি জাফরিও মার্কিন প্রেসিডেন্টের আলোচনার প্রস্তাব খারিজ করে দিয়েছেন।

উত্তর কোরিয়া আর ইরান এক নয় বলেও মন্তব্য করেছেন তিনি।

“জনাব ট্রাম্প, ইরান উত্তর কোরিয়া নয় যে বৈঠকের বিষয়ে আপনার প্রস্তাব গ্রহণ করবে। এমনকী আপনার পরবর্তী মার্কিন প্রেসিডেন্টরাও এমন দিন দেখবেন না,” বলেছেন বিপ্লবী রক্ষীবাহিনীর এ কমান্ডার।

ইরানের বৈদেশিক সম্পর্ক বিষয়ক স্ট্র্যাটেজিক কাউন্সিলের প্রধান কামাল খারেজি বলেছেন, ওয়াশিংটনের বিরুদ্ধে হুমকি দিলে ইরানকে ‘ভয়াবহ পরিণতির ঝুঁকি মোকাবেলা করতে হবে’, ট্রাম্পের এমন হুঁশিয়ারির সপ্তাহখানেক পর দেওয়া আলোচনা প্রস্তাবের কোনো মূল্য আছে বলে মনে করে না তেহরান।

“যুক্তরাষ্ট্রের সঙ্গে মধ্যস্থতার বাজে অভিজ্ঞতা ও মার্কিন কর্মকর্তাদের প্রতিশ্রুতি ভঙ্গের কারণে এটা স্বাভাবিক যে আমরা তার প্রস্তাবের কোনোই মূল্য আছে বলে মনে করছি না,” কামালকে উদ্ধৃত করে জানায় আধা-সরকারি বার্তা সংস্থা ফারস।

তেহরানের সঙ্গে ওয়াশিংটনের আলোচনার প্রস্তাব নিয়ে ইরানের অভ্যন্তরে কট্টরপন্থিদের মধ্যে ঐক্যমত সৃষ্টি হয়েছে বলেও জানিয়েছে রয়টার্স। এ কট্টরপন্থিরা ছয় বিশ্বশক্তির সঙ্গে পরমাণু চুক্তিরও বিরোধিতা করলেও তাদের মত উপেক্ষা করেই রুহানি ২০১৫ সালে দেশের ভঙ্গুর অর্থনীতির কথা বিবেচনায় নিয়ে জেসিপিওিএ-তে স্বাক্ষর করেছিলেন।

ট্রাম্পের আলোচনার প্রস্তাবে আপত্তি এসেছে ইরানের তুলনামূলক মধ্যপন্থিদের কাছ থেকেও।

“ট্রাম্প যদি পরমাণু চুক্তি থেকে সরে না যেতেন এবং ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ না করতেন তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে মধ্যস্থতায় কোনো সমস্যাই থাকত না,” বার্তা সংস্থা ইরনাকে এমনটাই বলেছেন ইরানি পার্লামেন্টের মধ্যপন্থি হিসেবে পরিচিত ডেপুটি স্পিকার আলি মোতাহারি।

মার্কিন প্রেসিডেন্ট আলোচনার প্রস্তাব দিলেও সিঙ্গাপুরে আগামী সপ্তাহের শুরুতে হতে যাওয়া দক্ষিণপূর্ব এশীয় দেশগুলোর সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাফরি সঙ্গে বৈঠক করবেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

ইরান পরমাণু চুক্তির বিরোধী ও ট্রাম্পকে সেখান থেকে সরে আসার ব্যাপারে উৎসাহ দেওয়া ইসরায়েলও মার্কিন প্রেসিডেন্টের আলোচনার প্রস্তাব নিয়ে উদ্বিগ্ন নয় বলে জানিয়েছে রয়টার্স।

“মার্কিন প্রশাসনের সঙ্গে ইসরায়েলের ধারাবাহিক যোগাযোগ আছে। ইরানের বিষয়ক যুক্তরাষ্ট্রের নীতিতে যে কোনো ধরনের পরিবর্তন আসেনি শীর্ষ মার্কিন কর্মকর্তারা তা আমাদের জানিয়েছেন,” মঙ্গলবার এমনটাই বলেছেন ইসরায়েলের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।