২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জালালাবাদে বন্দুকধারীদের হামলায় নিহত ১৫

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদের একটি সরকারি ভবনে বন্দুকধারীদের হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2018, 02:09 PM

Updated : 08 Apr 2022, 06:48 PM

মঙ্গলবারের এ ঘটনায় এক আত্মঘাতী হামলাকারী সরকারি দপ্তরটির প্রবেশ পথে বিস্ফোরণ ঘটানোর পর বহু লোককে জিম্মি করেছিল তার সঙ্গী বন্দুকধারীরা, খবর বার্তা সংস্থা রয়টার্সের। 

এই হামলা ১৭ বছর ধরে যুদ্ধ চলার পরও আফগানিস্তানে বিরাজমান শোচনীয় নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। দেশটির পশ্চিমা সমর্থিত সরকারের সঙ্গে তালেবানের শান্তি আলোচনার জন্য বিভিন্ন মহলের চাপ বৃদ্ধির মধ্যেই বেসামরিক লক্ষ্যগুলোতে একের পর এক হামলা চালাচ্ছে আরেক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ।

তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। জালালাবাদের এ হামলার সঙ্গে তারা জড়িত নয় বলে এক বিবৃতিতে জানিয়েছে তালেবান।

কয়েক ঘন্টা ধরে টানা গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার পর প্রাদেশিক সরকারের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি জানিয়েছেন, দুই বন্দুকধারী নিহত ও ভবনটির অধিকাংশ ধ্বংস হওয়ার পর ঘটনাটি শেষ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় অন্তত ১৫ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি। উদ্ধারকারীরা ভবনটিতে তল্লাশি চালাচ্ছেন ফলে মোট হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানিয়েছেন তিনি।

নানগারহারের প্রাদেশিক পরিষদের সদস্য সোহরাব কাদেরি জানিয়েছেন, আট জন নিহত হয়েছেন ও প্রায় ৩০ জনের মতো আহত হয়েছেন।

আফগানিস্তানে কর্মরত মানবাধিকার সংস্থা ইন্টারন্যাশনাল রেসক্যিউ কমিটি জানিয়েছে, এ ঘটনায় নিহতদের মধ্যে তাদের এক পানি ও জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মী রয়েছেন। 

ওবায়দুল্লাহ নামের প্রত্যক্ষদর্শী এক পথচারী জানিয়েছেন, শরণার্থী বিষয়ক মন্ত্রণালয়ের ব্যবহার করা একটি ভবনের সামনে কালো একটি গাড়ি এসে থামে, গাড়িটিতে তিন আরোহী ছিল, তাদের মধ্যে এক বন্দুকধারী বের হয়ে এসে আশপাশে গুলিবর্ষণ শুরু করে।

অপর এক হামলাকারী ভবনটির গেইটের কাছে গিয়ে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়, এ সুযোগে তার সঙ্গী অপর দুই বন্দুকধারী ভবনটিতে ঢুকে পড়ে।

এর কয়েক মিনিট পর কালো ওই গাড়িটিতে বিস্ফোরণ ঘটে এবং রাস্তায় থাকা লোকজন আহত হয় বলে জানিয়েছে ওবায়দুল্লাহ।

যে এলাকায় হামলাটি হয়েছে সেখানে অনেক দোকানপাট ও সরকারি দপ্তর আছে বলেও জানিয়েছেন তিনি। 

এর পরপরই নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে ফেললে দুপক্ষের মধ্যে বন্দুক লড়াই শুরু হয়। এ সময় বেশ কিছু বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যেগুলোকে হাত বোমার বিস্ফোরণ মনে হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

ভবনটির ভিতরে সম্ভবত প্রায় ৪০ জনের মতো আটকা পড়েছেন বলে জানিয়েছিলেন সোহরাব কাদেরি। তাদের ক্ষেত্রে কী ঘটেছে হামলার ঘটনা শেষ হওয়ার পর তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

সম্প্রতি জালালাবাদ শহরে হওয়া অনেকগুলো হামলার দায় স্বীকার করেছে আইএস।