২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এমএইচ৩৭০ রহস্যের কিনারা হয়নি, এভিয়েশন প্রধানের পদত্যাগ

মালয়েশিয়া এয়ারলাইন্সের নিখোঁজ ফ্লাইট এমএইচ-৩৭০ নিয়ে নতুন তদন্তে বিমানটির নিয়ন্ত্রণ কেউ নিয়েছিল বলে ধারণা প্রকাশ করা হলেও কে তা করেছিল সে সম্পর্কে কোনো ক্লু বেরিয়ে আসেনি।ভাঙেনি রহস্যের বেড়াজাল।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 31 Jul 2018, 07:02 PM

Updated : 08 Apr 2022, 06:47 PM

তবে কুয়ালালামপুরের এয়ার ট্রাফিক কন্ট্রোলে ত্রুটি ছিল বলে তদন্ত প্রতিবেদনে উঠে আসায় পদত্যাগ করেছেন মালয়েশিয়ার সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের প্রধান আজহারুদ্দিন আব্দুল রহমান।

পদত্যাগের ঘোষণা দিয়ে এক বিবৃতিতে আজহারুদ্দিন বলেন,তদন্ত প্রতিবেদন অনুযায়ী,স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি অনুযায়ী কাজ করেনি এয়ার ট্রাফিক কন্ট্রোল। তবে বিমান নিখোঁজ হওয়ার ঘটনায় প্রতিবেদনে এভিয়েশন কর্তৃপক্ষকে দায়ী করা হয়নি।সবকিছু দেখেশুনে,অনেক চিন্তা-ভাবনা করে অত্যন্ত দুঃখের সঙ্গে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান আজহারুদ্দিন।

চার বছর আগে কুয়ালালামপুর থেকে বেইজিংয়ের উদ্দেশ্যে উড়াল দেওয়ার পর ২৩৯ যাত্রীসহ নিখোঁজ হয় এমএইচ-৩৭০।

সোমবার এর নতুন তদন্ত প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।মালয়েশিয়া সরকার  ৪৯৫ পাতার এ প্রতিবেদন প্রকাশ করেছে।

বিমানটি কেন নিখোঁজ হয়েছিল এবং তাতে কি ঘটেছিল সে সম্পর্কে প্রতিবেদনে কোনো উপসংহার টানা হয়নি।

তদন্ত দলের প্রধান কক সু চোন বলেছেন, “ধ্বংসাবশেষ পাওয়া গেলেই কেবল চূড়ান্ত কোনো কিছু বলা যেতে পারে।”

২০১৪ সালের ৮ মার্চ রাজধানী কুয়ালালামপুর থেকে চীনের রাজধানী বেইজিংগামী মালয়েশিয়া এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭ উড়োজাহাজটি হঠাৎ করে রাডার থেকে হারিয়ে যায়। উড়োজাহাজটির আরোহীর অধিকাংশই চীনের নাগরিক ছিলেন।

পরে স্যাটেলাইটে পাওয়া তথ্য বিশ্লেষণ করে কর্মকর্তারা বলেছিলেন, অস্ট্রেলিয়ার পার্থ শহর থেকে উত্তর-পশ্চিমে ভারত মহাসাগরে বিমানটি বিধ্বস্ত হয়েছে।

এমএইচ৩৭০ নিখোঁজ বিশ্বে বিমান দুর্ঘটনার অন্যতম বড় রহস্য হয়ে আছে। ধারণা করা হয়, উাড়োজাহাজটিকে নির্দিষ্ট গমনপথ থেকে সরিয়ে দক্ষিণ ভারত মহাসাগরের দিকে কয়েক হাজার মাইল নিয়ে যাওয়ার পর এটি পশ্চিম অস্ট্রেলিয়ার উপকূলের কোথাও বিধ্বস্ত হয়েছে।

প্রায় তিন বছর তল্লাশি চালানোর পরও বিমানটিকে খুঁজে না পেয়ে এর যাত্রীদের পরিবারের প্রতিবাদ সত্ত্বেও ২০১৭ সালের জানুয়ারিতে অভিযান বন্ধ করে অস্ট্রেলিয়া, মালয়েশিয়া ও চীন। পানির নীচে চালানো ১৬ কোটি ডলারের এই তল্লাশি অভিযানে অস্ট্রেলিয়াই নেতৃত্ব দিয়েছিল।