২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উ. কোরিয়া ‘নতুন ক্ষেপণাস্ত্র নিয়ে কাজ করছে’, সন্দেহ মার্কিন কর্মকর্তাদের

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আগের তুলনায় উষ্ণ হলেও উত্তর কোরিয়া গোপনে নতুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থাপনা নিয়ে কাজ করছে বলে সন্দেহ করছেন মার্কিন কর্মকর্তারা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2018, 12:42 PM

Updated : 25 Jul 2022, 08:36 PM

গোয়েন্দা উপগ্রহগুলোর ছবিতে পিয়ংইয়ংয়ের কাছের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রে অনেক দিন ধরেই ধারাবাহিক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে, নাম না প্রকাশ করার শর্তে ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন তারা।

কর্মকর্তাদের একজন রয়টার্সকে বলেছেন, নতুন এ ক্ষেপণাস্ত্র উৎপাদনে উত্তর কোরিয়া কতটুকু অগ্রসর হয়েছে তা স্পষ্ট নয়।

গত মাসে সিঙ্গাপুরের সানতোসা দ্বীপে এক ঐতিহাসিক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তরের শীর্ষ নেতা কিম জং উন কোরীয় উপদ্বীপকে ‘সম্পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণে’ প্রতিশ্রুতি দিয়েছিলেন।

বৈঠকের পরে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ‘উত্তর কোরিয়া আর পারমাণবিক হুমকি’ নয় বলেও মন্তব্য করেছিলেন।

জুনের ওই বৈঠকের ধারাবাহিকতাতেই প্রথমে পুঙ্গি রি পারমাণবিক পরীক্ষা কেন্দ্রটি ধ্বংস এবং পরে এ মাসে একটি রকেট উৎক্ষেপণ কেন্দ্র ভেঙে ফেলার ঘোষণা দেয় পিয়ংইয়ং।

তবে উত্তর কোরিয়া কিভাবে ও কতদিনের মধ্যে তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে তার কোনো উল্লেখ না থাকায় জুনের সমঝোতার ভবিষ্যৎ নিয়ে সংশয়ে থাকার কথা বারবারই বলছিলেন পশ্চিমা পর্যবেক্ষকরা।

সোমবার মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানায়, উত্তর কোরিয়া তাদের সানুমডং কেন্দ্রে ১/২টি তরল-জ্বালানিভর্তি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নির্মাণে কাজ চালিয়ে যাচ্ছে বলেই ধারণা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম উত্তরের হোয়াসং-১৫ ক্ষেপণাস্ত্রের নির্মাতা এ সানুমডং কেন্দ্রটি রাজধানী পিয়ংইয়ংয়ের কাছেই অবস্থিত বলে জানিয়েছে বিবিসি। 

তরল-জ্বালানিভর্তি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ঝুঁকি ‘সলিড-ফুয়েলড’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের তুলনায় অনেক কম বলে রয়টার্সকে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা।

“লিকুইড ফুয়েলড ক্ষেপণাস্ত্রগুলোতে জ্বালানি ভরতে অনেক সময় লাগে,” বলেছেন তিনি।