সরকার অচলের হুমকি দিলেন ট্রাম্প
মেক্সিকো সীমান্তে দেয়াল তৈরির তহবিল এবং নতুন অভিবাসন আইনে ডেমক্র্যাট নেতারা সমর্থন না দিলে ফেডারেল সরকার অচল করে দেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন। তার আগে অবৈধ অভিবাসন নিয়ে কঠোর অবস্থানে গিয়ে ট্রাম্প হয়ত ভোটারদের মন জয় করতে চাইছেন।
কিন্তু ফেডারেল সরকারের কার্যক্রম বন্ধ করে দেওয়ার ঘোষণা ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির জন্য হিতে বিপরীত হতে পারে। কারণ, সরকার অচল হয়ে পড়লে যে বিশৃঙ্খলার সৃষ্টি হবে তার জন্য ভোটাররা রিপাবলিকান পার্টিকে দায়ী করতে পারে।
রোববার এক টুইটে ট্রাম্প বলেন, “যদি ডেমক্র্যাটরা সীমান্ত নিরাপত্তা বিষয়ে, যার মধ্যে সীমান্ত প্রাচীরও আছে- আমাদের ভোট না দেয় তবে আমি সরকার ‘অচল’ করে দিতে চাইব। এইসব লটারি, পাকড়াও কর এবং ছেড়ে দাও ইত্যাদি থেকে অবশ্যই বেরিয়ে আসতে হবে এবং চূড়ান্তভাবে ‘মেধার ভিত্তিক’ অভিবাসন পদ্ধতিতে ফিরে যেতে হবে।”
অভিবাসন বিষয়ে যুক্তরাষ্ট্রের নাগরিকরা দুইভাগে বিভক্ত হয়ে পড়েছে।
এ মাসে রয়টার্স পরিচালিত একটি জনমত জরিপে দেশটির ৮১ শতাংশ রিপাবলিকান সমর্থক ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির পক্ষে মত দিয়েছেন।
মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য ২ হাজার ৫শ’ কোটি মার্কিন ডলার তহবিল চেয়েছেন ট্রাম্প।
২০১৭ সালের জানুয়ারিতে ক্ষমতায় আসার পর ট্রাম্প কয়েকবারই অভিবাসন নীতি এবং সীমান্তপ্রাচীর নিয়ে বিরোধের কারণে ফেডারেল সরকার অচল করে দেওয়ার হুমকি দিয়েছেন।
তবে তার হুমকি খুব একটা কাজে আসবে না বলে মনে করেন কয়েকজন রিপাবলিকান নেতা। সেপ্টেম্বরে সরকার অচল করে দেওয়া হবে বা অচল হবে বলে মনে করেন না তারা।
সিবিএস নিউজের ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে রিপাবলিকান সিনেটর রন জনসন বলেন, “এরকমটি না হওয়ারই আশা করছি।”
তিনি বলেন, “আমার মনে হয় না এটি করে নভেম্বরের নির্বাচনে রিপাবলিকানদের কোনো লাভ হবে, তাই এটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করাই ভাল।”
আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে কংগ্রেসকে সরকারি খরচের জন্য তহবিলের বিষয়ে একমত হতে হবে। যদিও যুক্তরাষ্ট্রে কংগ্রেসের উভয় কক্ষই (সিনেট এবং হাউজ অব রিপ্রেজেনটেটিভ) রিপালিকানদের নিয়ন্ত্রণে।
সরকারি তহবিল নিয়ে কংগ্রেসে বিরোধের জেরে এ বছর জানুয়ারিতে তিনদিনের জন্য এবং ফেব্রুয়ারিতে কয়েক ঘণ্টার জন্য ফেডারেল সরকার অচল হয়ে গিয়েছিল।
