২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে বাল্যবিবাহ ১০% কমেছে: ইউনিসেফ

আফগানিস্তানে গত এক দশকে বাল্যবিবাহের হার ১০ শতাংশ হ্রাস পেয়েছে। যুদ্ধবিক্ষুব্ধ দেশটির জন্য নিশ্চিতভাবে এ এক দারুণ অর্জন।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2018, 09:46 PM

Updated : 08 Apr 2022, 06:46 PM

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এবং আফগান শ্রম মন্ত্রণালয় মিলে আফগানিস্তানের পাঁচটি প্রদেশের গ্রাম ও শহরে গবেষণা চালিয়ে রোববার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে।

গবেষণায় অংশ নেওয়া ৪২ শতাংশ পরিবারের অন্তত একজন সদস্যের ১৮ বছরের আগে বিয়ে হয়েছে। যদিও বিভিন্ন প্রদেশে এ হার ভিন্ন।

আফগানিস্তানে ইউনিসেফের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, “আফগানিস্তানে বাল্যবিবাহ কিছুটা কমেছে। শিশুদের অধিকার সুরক্ষার যে প্রতিশ্রুতি আফগান সরকার দিয়েছে এবং বাল্যবিবাহ বন্ধে যে অবিরাম চেষ্টার করছে আমরা তার প্রশংসা করি।”

গবেষণায় দেখা গেছে, ৭৮ শাতংশ ক্ষেত্রে বাবা সন্তানদের বিয়ের সিদ্ধান্ত নেন। আর ৫৬ শতাংশ অংশগ্রহণকারী মনে করেন, বিয়ের আগে ছেলে-মেয়েদের সঙ্গে এ বিষয়ে কথা বলা উচিত।

যদিও অনেকের মধ্যে বাল্যবিবাহ বিশেষ করে মেয়েদের অল্প বয়সে বিয়ে দিলে কী ধরনের ক্ষতি হতে পারে সে বিষয়ে খুব সামান্য ধারণাই আছে।

ইউনিসেফ কর্মকর্তা আদেল খদর বলেন, কিছু কিছু পরিবার মেয়ে শিশুদের স্কুলে পাঠাতে শুরু করাই বাল্যবিবাহ হ্রাসের অন্যতম প্রধান কারণ।

“বাল্যবিবাহ প্রতিরোধ করা গেলে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলা দারিদ্রের চক্র ভাঙবে এবং কন্যাশিশু ও নারীরা সমাজে সম্পূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।”