গাজায় ইসরায়েলি ট্যাংকের গোলায় ৩ হামাস সদস্য নিহত
গাজায় ইসরায়েলের ট্যাংকের গোলায় তিন ফিলিস্তিনি যোদ্ধা নিহত হয়েছে।
দু’পক্ষের মধ্যে যুদ্ধবিরতির চারদিন পর বুধবার ইসরায়েল-গাজা সীমান্তে সহিংসতা বেড়েছে। গাজায় স্নাইপারের গুলিতে এক ইসরায়েলি কর্মকর্তাও আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী।
গাজার শাসনক্ষমতায় থাকা ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলনের দল হামাস ইসরায়েলের গোলায় নিহত ৩ ফিলিস্তিনি তাদের সদস্য বলে নিশ্চিত করেছে। তবে ইসরায়েলি সেনার ওপর গুলি চালানোর দায় কোনো ফিলিস্তিনি গোষ্ঠী স্বীকার করেনি।
ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, গাজা থেকে ফিলিস্তিনি যোদ্ধারা রাতে দক্ষিণাঞ্চলের একটি এলাকায় এক সেনার ওপর গুলি ছুড়েছে। এর জবাবেই সেনারা হামাসের ফাঁড়ি লক্ষ্য করে হামলা চালায়।
গাজার অধিবাসীরা অনেকগুলো বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছে বলে জানিয়েছে।
