লাওসে বাঁধ ধসে নিখোঁজদের সন্ধানে জোর অভিযান
দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ লাওসে নির্মাণাধীন একটি বাঁধ ভেঙে বেশ কয়েকটি গ্রাম তলিয়ে যাওয়ার ঘটনায় নিখোঁজ শতাধিক ব্যক্তির সন্ধানে জোর অভিযান চলছে।
সোমবারের ওই ঘটনায় অন্তত ২০ জন নিহত ও কয়েক হাজার গ্রামবাসী উদ্বাস্তুতে পরিণত হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
জলাবদ্ধ নাগরিকদের সরিয়ে নিতে আত্তাপু প্রদেশের কর্তৃপক্ষ হেলিকপ্টার ও নৌকা ব্যবহার করছে।
নির্মাণাধীন বাঁধটি এ প্রদেশের জে-পিয়ান জে-নামনয় জলবিদ্যুৎ প্রকল্পের অংশবিশেষ বলে জানিয়েছে বিবিসি। প্রকল্পটিতে লাওস, থাইল্যান্ড ও দক্ষিণ কোরিয়ার বিভিন্ন প্রতিষ্ঠান যুক্ত।
বাঁধ ধসে কয়েক ঘণ্টার মধ্যে কয়েকটি গ্রাম তলিয়ে যাওয়ার পর স্থানীয় কর্তৃপক্ষ কাপড়, খাবার, পানি ও ওষুধসহ জরুরি সহায়তার জন্য দেশটির সরকার ও অন্যান্য সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে।
ভিডিও ফুটেজে দুর্যোগ কবলিত এলাকার অধিকাংশ মানুষকে ডুবে যাওয়া বাড়ির ছাদে উদ্ধারের আশায় অপেক্ষায় থাকতে দেখা গেছে। অনেকেই নিরাপদ আশ্রয়ের সন্ধানে শিশুসন্তান ও প্রয়োজনীয় জিনিসপত্রসহ পানির মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিলেন।
ফেইসবুকে এবিসি লাওস নিউজের পোস্ট করা এক ভিডিওতে নৌকায় করে সরিয়ে নেওয়া এক নারীকে কাঁদতে ও প্রার্থনা করতেও দেখা গেছে। উদ্ধারকারীদের তিনি গাছে আটকে থাকা তার মায়ের কথা বলছিলেন।
বিবিসি বলছে, জে-পিয়ান জে-নামনয় জলবিদ্যুৎ প্রকল্পের দুটি প্রধান বাঁধ ও পাঁচটি অতিরিক্ত বাঁধের সঙ্গে সহায়ক হিসেবে ছিল ভেঙে পড়া ‘স্যাডল ড্যাম ডি’ বাঁধটি। নির্মাণ কাজের ৯০ শতাংশ শেষ হওয়া বাঁধটি আগামী বছর থেকে চালু হওয়ার কথা ছিল।
প্রকল্পের অন্যতম তত্ত্বাবধায়ক প্রতিষ্ঠান দক্ষিণ কোরীয় এসকে ইঞ্জিনিয়ারিং ও কনস্ট্রাকশন কোম্পানি জানিয়েছে, ধসে পড়ার আগে রোববারই বাঁধটির ফাটল সণাক্ত করা হয়েছিল।
ফাটল মেরামতে একটি দলকে পাঠানোর পাশাপাশি নিকটবর্তী গ্রামগুলোর বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু হলেও শেষ রক্ষা হয়নি।
জলবিদ্যুৎ প্রকল্পটির মূল অংশীদার থাইল্যান্ডের রাচাবুরি ইলেকট্রিসিটি জেনারেটিং হোল্ডিং এক বিবৃতিতে জানিয়েছে, টানা বৃষ্টির কারণে প্রকল্পের সংরক্ষণাগারে বেশি পানির চাপ পড়ায় বাঁধটিতে ফাটল দেখা দিয়েছিল।
সাম্প্রতিক বছরগুলোতে লাওস বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগের পরিমাণ বাড়িয়েছে; এ প্রকল্পগুলো থেকেই দেশটির রপ্তানি আয়ের প্রায় ৩০ শতাংশ আসে বলে জানিয়েছে বিবিসি।
বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ ২০২০ সালের মধ্যে দ্বিগুণ করে লাওসকে ‘দক্ষিণ পূর্ব এশিয়ার ব্যাটারিতে’ পরিণত করারও পরিকল্পনা আছে দেশটির বর্তমান সরকারের। বিভিন্ন পরিবেশবাদী সংগঠন প্রকল্পগুলোর কারণে পরিবেশ ও নদীর ক্ষতি হতে পারে বলে আশঙ্কার কথাও জানিয়েছে।
