২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনে রুশ হস্তক্ষেপ: সমালোচনার মুখে কথা পাল্টালেন ট্রাম্প

২০১৬ সালে যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জবাবদিহি করাতে ব্যর্থতার জন্য দেশে সমালোচনার মুখে পড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার কথা পাল্টেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2018, 09:26 PM

Updated : 08 Apr 2022, 06:43 PM

ট্রাম্প বলেছেন, হেলসিংকির সংবাদ সম্মেলনে তিনি ভুল বলেছিলেন। তিনি আসলে বলতে চেয়েছিলেন, “রাশিয়া ওই নির্বাচনে ভূমিকা রেখেছে, সেটি মনে না করার কোনো কারণ নেই।”

সোমবার পুতিনের সঙ্গে শীর্ষ বৈঠকের সময় ট্রাম্প যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপের জন্য রাশিয়ার সমালোচনা না করে এবং মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর বক্তব্য নিয়ে সন্দেহ প্রকাশ করে গোটা বিশ্বকে বিস্মিত করেছেন। এরপরই বিষয়টি নিয়ে দেশে তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি।

সমালোচনার এ ঝড় সামলাতে ট্রাম্প তার বক্তব্য পাল্টালেন। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো যে প্রতিবেদন দেবে তা মেনে নেবেন বলেই এখন জানিয়েছেন ট্রাম্প। অথচ মাত্র একদিন আগেই তার সুর ছিল ভিন্ন।

ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে শীর্ষ বৈঠকের পর সংবাদ সম্মেলনে ট্রাম্প ২০১৬ সালের নির্বাচন নিয়ে ‘রাশিয়ার মাথা ঘামানোর কোনো কারণ নেই’ বলে মন্তব্য করেন।

নির্বাচনে হস্তক্ষেপ করার অভিযোগের ক্ষেত্রে তিনি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা না রাশিয়ার প্রেসিডেন্ট, কাকে বিশ্বাস করবেন?

এ প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছিলেন, “রাশিয়ার এটি করার কোনো কারণ আমি দেখছি না। রাশিয়া এটি করেনি বলে জোরালভাবেই জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন।”

এ বিষয়ে পুতিনকে বিশ্বাস না করে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোকে  বিশ্বাস  করার কোনো  কারণ  নেই বলেও মন্তব্য করেন তিনি।

রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের নাজুক সম্পর্কের জন্য বিগত মার্কিন প্রশাসনকে দায়ী করেন তিনি। যা নিয়ে দেশের ভেতর ট্রাম্পকে কঠোর সমালোচনার মুখে পড়তে হয়। এমনকি অনেক রিপাবলিকান নেতাও তার তীব্র সমালোচনা করেন।

এ সমালোচনার মুখে ২৪ ঘণ্টারও বেশি সময় পর ট্রাম্প হোয়াইট হাউজে সাংবাদিকদের বলেন, “আমি রাশিয়া কেন ওই কাজ ‘করবে না’ বলতে গিয়ে কেন ‘এটি করবে’ বলে ফেলেছিলাম।” বাক্যটা আসলে হবে “রাশিয়া এটি না করার কোনো কারণ দেখি না।”

নিজের বক্তব্যের এ ব্যাখ্যা দেওয়া ছাড়াও ট্রাম্প এখন বলছেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর উপর তার ‘পূর্ণ আস্থা ও সমর্থন আছে’।

হেলসিংকিতে পুতিনের সঙ্গে প্রায় দুইঘণ্টা মুখোমুখি বৈঠক করেন ট্রাম্প। ওই সময় দুই দোভাষী ছাড়া কক্ষে আর কেউ ছিল না।

বৈঠকে পুতিনের সঙ্গে কি কথা হয়েছে সে বিষয়ে আগামী সপ্তাহে পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে জিজ্ঞাসা করবে কংগ্রেস।

পুরনো খবর:

ট্রাম্প-পুতিন বৈঠক: নিজ দেশে কঠোর সমালোচনার মুখে ট্রাম্প