রায়ানএয়ারের ফ্লাইটে কেবিন প্রেসার কমে গিয়ে ৩৩ জন অসুস্থ
রায়ানএয়ার এয়ারলাইন্সের ক্রোয়েশিয়াগামী একটি ফ্লাইটের কেবিন প্রেসার কমে গিয়ে ৩৩ জন যাত্রী অসুস্থ হয়ে পড়েছেন।
শুক্রবার এ ঘটনার পর ফ্লাইটটি ফ্রাঙ্কফুর্ট শহরের একটি বিমানবন্দরে জরুরি অবতরণ করে বলে শনিবার জানিয়েছে জার্মানির পুলিশ, খবর বার্তা সংস্থা রয়টার্সের।
রায়ানএয়ারের ফ্লাইট এফআর৭৩১২ আয়ারল্যান্ডের রাজধানী ডবলিন থেকে ক্রোশিয়ার জাদার শহরে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর উড়োজাহাজটিকে ফ্রাঙ্কফুর্টের হান বিমানবন্দরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। ফ্লাইটটির কেবিন প্রেসার কমে যাওয়ার পর অক্সিজেন মাস্ক দেওয়া হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে রায়ানএয়ার।
ফ্লাইটরাডার২৪ ডটকমের লগ থেকে দেখা গেছে, ফ্লাইটটি ৮০ মিনিটের যাত্রার এক পর্যায়ে সাত মিনিটে ৩৭ হাজার ফুট উচ্চতা থেকে ১০ হাজার ফুট উচ্চতায় নেমে আসে।
রায়ানএয়ার বলেছে, “উড়োজাহাজটি স্বাভাবিকভাবে ল্যান্ড করে যাত্রীদের নামিয়ে দিয়েছে, পূর্ব সতর্কতা হিসেবে অল্প কিছু যাত্রীকে চিকিৎসা দেওয়া হয়েছে।”
জার্মান পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, উড়োজাহাজটির ১৮৯ জন যাত্রীর মধ্যে ৩৩ জনকে হাসপাতালে নেওয়া হয়, এদের কারো কারো কান থেকে রক্তপাত হচ্ছিল।
কয়েকজন যাত্রী শনিবার পর্যন্ত হাসপাতালে অবস্থান করে চিকিৎসা নিচ্ছিলেন বলে জানিয়েছেন তিনি।
জার্মানির বিমান দুর্ঘটনার তদন্তকারী সংস্থা বিএফইউ জানিয়েছে, তাদের একটি টিম হান বিমানবন্দরের দিকে রওনা হয়েছে। তারা ককপিটের ভয়েস রেকর্ডার এবং ফ্লাইট ডেটা রেকর্ডারগুলো হেফাজতে নিবে এবং উড়োজাহাজটির ক্রু ও যাত্রীদের সাক্ষাৎকার গ্রহণ করবে।
রায়ানএয়ার জানিয়েছে, শনিবার সকালে ফ্লাইটটি জাদারের উদ্দেশ্যে ফ্রাঙ্কফুর্ট ছেড়ে গেছে।
কিছু যাত্রী রায়ানএয়ারের ফ্লাইটটিতে না যাওয়ার সিদ্ধান্ত নেন বলে জানিয়েছে পুলিশ।
গত বছর বিশ্বের ৩৭টি দেশে ফ্লাইট পরিচালনা করে ১৩ কোটি যাত্রীকে বহন করেছে রায়ানএয়ার। আন্তর্জাতিক এয়ার ট্র্যান্সপোর্ট অ্যাসোসিয়েশন এর তথ্যানুযায়ী যাত্রী সংখ্যায় এটি ইউরোপের বৃহত্তম এয়ারলাইন।
গত মঙ্গলবার এয়ার চায়নার একটি উড়োজাহাজেও হঠাৎ করে কেবিনের অক্সিজেন লেভেল কমে গিয়েছিল। উড়োজাহাজটির একজন কো-পাইলটের ই-সিগারেট পানের কারণে এমন ঘটনা ঘটেছিল বলে শুক্রবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।
