২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাইলটের ধূমপান, হঠাৎ ৬ হাজার মিটার নিচে বিমান

পাইলটের ধূমপানের কারণে হঠাৎ মাঝ আকাশে দ্রুতগতিতে ৬ হাজার ৫শ’ মিটারের বেশি নিচে নামার ঝুঁকিতে পড়েছে এয়ার চীনের একটি বিমান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2018, 08:27 PM

Updated : 08 Apr 2022, 06:41 PM

হংকং থেকে চীনের দালিয়ান যাচ্ছিল বিমানটি। অল্পের জন্য সেটি দুর্ঘটনার কবল থেকে রক্ষা পায়।

তদন্তকারীরা বলছেন, বিমানের কো-পাইলট ওইসময় ই-সিগারেট পান করছিলেন। কিন্তু তিনি সেটি লুকানোর চেষ্টা করেছেন। আর তা করতে গিয়ে তিনি ভুল করে এয়ার কন্ডিশন বন্ধ করে দিলে বিমানে অক্সিজেনের মাত্রা কমে যায়। সঙ্গে সঙ্গে এলার্ম বেজে ওঠে এবং ক্রুরা কেবিন প্রেসার ঠিক করতে তৎপর হন।

মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।বিমানটি নিচে নামার পর ক্রুরা সমস্যা বুঝতে পেরে এয়ার কন্ডিশনিং চালু করে ভেতরে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনেন এবং বিমানটিও আবার উপরে উঠে যায়।

ঘটনাটি প্রাথমিকভাবে তদন্ত করেছে চীনের সিভিল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। তদন্তে দেখা গেছে, বিমানের কো-পাইলট সিগারেটের ধোঁয়া যাতে যাত্রীদের কেবিনে না যায় সেজন্য একটি ফ্যান বন্ধ করার চেষ্টা করেন; কিন্তু ভুল করে এয়ার কন্ডিশন ইউনিট বন্ধ করে ফেলেন তিনি। এতেই কেবিন প্রেসার কমে বিপত্তি দেখা দেয়।

কেবিন প্রেসার কমে গেলে পাইলটকে যাত্রী এবং ক্রুদেরকে নিরাপদ রাখতে বিমানকে নিচে নামিয়ে আনতে হয়। বিমান নিচে নামার সময় সবাইকে সীটবেল্ট বাঁধতে বলা হয়েছিল বলে জানিয়েছেন যাত্রীরা।

কর্তৃপক্ষ ঘটনাটি আরো বিস্তারিত তদন্ত করে দেখছে। ফ্লাইট ডাটা রেকর্ডার এবং ককপিট ভয়েস রেকর্ডারও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি ঠিক কি কারণে ঘটেছিল তা আরো পরিস্কারভাবে বোঝার চেষ্টা চলছে।

চীনা ফ্লাইটের নিয়মকানুনের আওতায় সব ক্রুদেরই ধূমপান নিষিদ্ধ। এমনকি ২০০৬ সাল থেকে যাত্রীদের ই-সিগারেট সেবনও নিষিদ্ধ করা হয়েছে।কিন্তু অন্যান্য চীনা ফ্লাইটগুলোতে পাইলটরা ধূমপান করে বলে অভিযোগ আছে।