চীনের আরো পণ্যের ওপর শুল্কারোপ করবে যুক্তরাষ্ট্র
চীনের আরো পণ্যের উপর বাড়তি ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যু্ক্তরাষ্ট্র। যার অর্থমূল্য প্রায় ২০ হাজার কোটি মার্কিন ডলার।
মঙ্গলবার চীন থেকে আমদানি করা হাজারো পণ্যের নতুন তালিকাটি প্রকাশ করেছেন মার্কিন কর্মকর্তারা। যেগুলোর ওপর শুল্ক বসাতে চাইছে মার্কিন প্রশাসন।
ওই তালিকায় আছে আমদানি করা শত শত খাদ্য পণ্য, তামাক, রাসায়নিক, কয়লা, স্টিল ও অ্যালুমিনিয়াম।
এছাড়াও আছে- গাড়ির টায়ার, আসবাবপত্র, কাঠের তৈরি পণ্য, হ্যান্ডব্যাগ, সুটকেস, কুকুর ও বেড়ালের খাবার, দরজা, বাইসাইকেল, গল্ফ ব্যাগ, স্কি, কার্পেট, বেসবল গ্লাভস, টয়লেট পেপার ও প্রসাধন সামগ্রী।
নতুন পণ্যের ওপর শুল্কারোপের ঘোষণা দেওয়ার সময় যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি রবার্ট লাইটহিজার বলেন, “এক বছরের বেশি সময় ধরে ট্রাম্প প্রশাসন ধৈর্যে্যর সঙ্গে চীনকে অন্যায্য কারবার বন্ধ করে বাজার উন্মুক্ত করে দিয়ে সত্যিকারের প্রতিযোগিতায় আসার অনুরোধ করে আসছে।
“অথচ আমাদের এ উদ্বেগকে আমলে না নিয়ে চীন বরং যুক্তরাষ্ট্রের পণ্যের বিরুদ্ধে পাল্টা প্রতিশোধমূলক আচরণ শুরু করেছে…. যার কোনো যৌক্তিকতা নেই।”
গত সপ্তাহে থেকে চীনের হাজার হাজার পণ্যের উপর ২৫ শতাংশ শুল্কারোপ শুরু করেছে যুক্তরাষ্ট্র। অর্থ মূল্যে যা ৩ হাজার ৪শ’ কোটি মার্কিন ডলার।
১২ ঘণ্টার ব্যবধানে চীনও যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর একই ধরনের শুল্কারোপ করেছে।
বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতির দুই দেশের এ বাণিজ্য যুদ্ধ বিশ্ববাজারে নেতিবাচক প্রভাব ফেলবে বলে আশঙ্কা বিনিয়োগকারীদের।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের উপর পাঁচশ’ বিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের শুল্পারোপ করতে চান বলে জানিয়েছেন।
চীন থেকে গত বছর যুক্তরাষ্ট্র প্রায় এ পরিমাণ অর্থের পণ্য আমদানি করেছে।
