ফ্রান্সে বিশ্বকাপ সেমিফাইনাল জয়োৎসবে বিশৃঙ্খলা, পদদলিত ২৭
রাশিয়া ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালের খেলায় ফ্রান্সের জয়ের পর দেশটির রাজধানী প্যারিসসহ বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা, কাঁদানে গ্যাস নিক্ষেপ ও পদদলনের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার রাশিয়ার সেন্ত পিতার্সবুর্গে অনুষ্ঠিত ওই খেলায় ফ্রান্স প্রতিপক্ষ বেলজিয়ামকে একমাত্র গোলে পরাজিত করে।
বিবিসি জানিয়েছে, খেলা শেষ হওয়ার পরপরই ফরাসি ফুটবল ভক্তরা রাজধানী প্যারিসের শনজে এলিজে অ্যাভিনিউতে জড়ো হয়। আনন্দ উৎসব এক সময় উচ্ছৃঙ্খলতায় রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে কয়েক হাজার ফুটবল ভক্তকে অ্যাভিনিউটি থেকে সরিয়ে দিতে চেষ্টা করে।
বিপরীত দিক থেকে ফুটবল ভক্তরা পুলিশকে লক্ষ্য করে রাস্তায় থাকা আসন ও বিভিন্ন জিনিসের টুকরা অংশ নিক্ষেপ করতে শুরু করে। তারা ট্র্যাফিক নিয়ন্ত্রণে ব্যবহৃত প্লাস্টিকের প্রতিবন্ধক, ধাতুর রেলিং ইত্যাদি রাস্তায় ছুড়ে ফেলে, এক পর্যায়ে আস্ত একটি সোফা এনে রাস্তায় মাঝখানে পেতে রাখে বলে চ্যানেল নিউজএশিয়ার প্রতিবেদনে বলা হয়েছে।
স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, খেলার শেষ বাঁশি বাজার আগ মূহুর্তে উৎসবকারীরা পটকা ফুটাতে শুরু করলে পদদলনের ঘটনা ঘটে।
“পটকা ফুটানো শুরু করার পরপরই ভিড়ের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়,” জানিয়েছেন স্থানীয় নগর কর্মকর্তা জ্যঁ গ্যাবরিয়েল দেলাক্রোয়া। এ সময় ২৭ জন আহত হন বলে জানিয়েছেন তিনি।
স্থানীয় গণমাধ্যমে সম্প্রচারিত স্থির চিত্রে উল্টে পড়া টেবিল, চেয়ার ও ভাঙা কাঁচের টুকরা দেখা গেছে।
বুধবার বিশ্বকাপের অপর সেমিফাইনাল খেলাটি হবে ক্রোয়েশিয়া ও ইংল্যান্ডের মধ্যে। এ খেলার বিজয়ীর সঙ্গে রোববার বিশ্বকাপের ফাইনাল ম্যাচ খেলবে ফ্রান্স।
