২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডেভিসের বিদায়ের পরও ব্রেক্সিট নিয়ে অনড় টেরিজা মে

বেক্সিট মন্ত্রী ডেভিসের পদত্যাগের পরও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বের হয়ে যাওয়ার অবস্থানে অনড় প্রধানমন্ত্রী টেরিজা মে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 09 Jul 2018, 07:51 PM

Updated : 11 Oct 2022, 12:29 PM

সোমবার তিনি নতুন কৌশল নিয়ে ইইউ থেকে বেরিয়ে যাওয়ার পথে এগুনোর সংকল্প নিয়েছেন। এর মধ্য দিয়ে মে তার সাবেক ব্রেক্সিট মন্ত্রীর পথে যারা হাঁটতে চায় বা তার পরিকল্পনার বিরোধিতা করে যারা সরে যেতে চায় তাদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন।

প্রধানমন্ত্রী মে’র নীতির বিরোধিতা করে ব্রেক্সিটের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ডেভিস ডেভিস রোববার পদত্যাগ করায় সরকার বড় ধরনের ধাক্কা খেয়েছে। অক্টোবর মাসের মধ্যেই ইইউ থেকে বিচ্ছেদ নিয়ে চুক্তি স্বাক্ষরের জন্য এখন মে’র ওপর চাপ বাড়ছে৷

মন্ত্রিসভায় চরম বিভাজনের মধ্যেও মে ইইউ’র সঙ্গে সবচেয়ে নিবিড় বাণিজ্য সম্পর্ক রাখার বিষয়টি নিয়ে সঝোতায় পৌঁছতে পারাকে একটি অর্জন হিসাবেই দেখেছিলেন।

কিন্তু মন্ত্রিসভার ওই চুক্তিতে ইইউ আলোচকদের খুব সহজেই খুব বেশি ছাড় দেওয়া হয়েছে বলে অভিযোগ করে পদত্যাগ করেন ব্রেক্সিট বিষয়ক মন্ত্রী ডেভিস ডেভিস। ইইউ আলোচকরা এতে করে আরো বেশি কিছু চাইতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

তবে ডেভিসের পদত্যাগের পরও মে’র মুখপাত্র জানিয়েছেন, প্রধানমন্ত্রী তার ‘বাণিজ্যবান্ধব’ চুক্তি থেকে সরে আসবেন না। তিনি এখন এ নীতি নিয়েই ব্রেক্সিট আলোচনা চালিয়ে যাবেন।

বিবিসি জানিয়েছে, ডেভিসের পর নতুন বেক্সিট মন্ত্রী হয়েছেন ডোমিনিক রাব। তিনি বর্তমানে আবাসন মন্ত্রী। ২০১৬ সালের গণভোটের সময় রাব ইইউ ত্যাগের পক্ষ জোর প্রচার চালিয়েছিলেন।

৪৪ বছর বয়সী রাবই এখন ইইউ’র সঙ্গে নিয়মিত ব্রেক্সিট আলোচনা চালাবেন।

২০১৯ সালের ২৯ মার্চে ইইউ ছাড়ার কথা রয়েছে যুক্তরাজ্যের। কিন্তু এরপর যুক্তরাজ্য এবং ইইউ এর মধ্যে বাণিজ্য সম্পর্ক কিরকম থাকবে সে ব্যাপারেই এখনো আলোচনায় সমঝোতা হওয়া বাকি।