ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা রুখে দেওয়ার দাবি সিরিয়ার
সিরিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম একটি ইসরায়েলি বিমানকে আঘাত করার পাশাপাশি একটি বিমান ঘাঁটি লক্ষ্য করে ছোড়া ইসরায়েলি কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে বলে দাবি সিরিয়ার।
রোববার রাতে হোমস প্রদেশের টিফোর বিমানঘাঁটি লক্ষ্য করে ওই ক্ষেপণাস্ত্রগুলো ছোঁড়া হয়েছিল বলে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের।
এ বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে জিজ্ঞেস করা হলে এক ইসরায়েলি সামরিক মুখপাত্র বলেছেন, “ইসরায়েল বিদেশি প্রতিবেদনের বিষয়ে কোনো মন্তব্য করে না।”
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসএএনএ জানিয়েছে, ওই ক্ষেপণাস্ত্র হামলায় কোনো প্রাণহানীর ঘটনা ঘটেনি, শুধু কিছু বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে।
এসএএনএ-তে প্রকাশিত উদ্ধৃতিতে সিরিয়ার এক সামরিক কর্মকর্তা বলেছেন, “আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম ইসরায়েলের একটি আগ্রাসন রুখে দিয়েছে, টি-ফোর বিমানবন্দরকে লক্ষ্য করে ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।
“এয়ার ডিফেন্স হামলাকারী বিমানগুলোর মধ্যে একটিকে আঘাত করেছে এবং বাকী বিমানগুলোকে সিরিয়ার আকাশ সীমা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছে।”
সাত বছর ধরে চলা গৃহযুদ্ধের সূত্রে প্রতিবেশী সিরিয়ায় ‘শত্রু দেশ’ইরানের প্রভাব বৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন ইসরায়েল। সম্প্রতি সিরিয়ার গৃহযুদ্ধে মিত্র ইরান, রাশিয়া ও অন্যান্য বাহিনীগুলোর সহায়তায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ একের পর এক সাফল্য পাওয়ায় শঙ্কিত হয়ে উঠেছে ইহুদি রাষ্ট্রটি।
সম্প্রতি সিরিয়ার সরকারি বাহিনী ও মিত্র বাহিনীগুলো ইসরায়েল নিয়ন্ত্রিত গোলান মালভূমি সংলগ্ন সিরীয় প্রদেশগুলোতে অভিযান শুরু করে সাফল্য পেয়েছে। এই অভিযান শুরু হওয়ার পর থেকে সতর্ক অবস্থানে আছে তেল আবিব।
এর আগে সিরিয়ার ভেতরে ইরানি স্থাপনা ও লেবাননের তেহরানসমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর অস্ত্রাগার ও সরবরাহ লাইন বহুবার হামলা চালিয়েছে ইসরায়েল।
গত ৯ এপ্রিল হোমসের এই টিফোর ঘাঁটিতে বিমান হামলা চালিয়ে ইরানের বিপ্লবী রক্ষীবাহিনীর (আইআরজিসি) ৯ সদস্যকে হত্যার দায় তেল আবিবকেই দিয়েছিল দামেস্ক, রাশিয়া ও ইরান ।
