লন্ডনের আকাশে উড়বে ‘ট্রাম্প বেবি’ বেলুন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী সপ্তাহে যুক্তরাজ্য সফরে যাচ্ছেন। এ সফরকালেই লন্ডনে পার্লামেন্ট স্কয়ার গার্ডেনের আকাশে উড়বে তার চেহারার আদলে তৈরি বিশালাকার একটি বেলুন। যাকে বলা হচ্ছে জায়েন্ট ‘ট্রাম্প বেবি’।
১৩ জুলাই শুক্রবার ১০ ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রী টেরিজা মে’র সঙ্গে দেখা করবেন ট্রাম্প। আর বেলুনটি ওইদিনই সকালে দুই ঘণ্টার জন্য উড়ানো হবে।
মার্কিন প্রেসিডেন্টের চেহারা ঠিক রেখে বেলুনটিকে ‘ট্রাম্প বেবি’ হিসাবে তৈরি করা হয়েছে। এর দৈর্ঘ ৬ মিটার এবং রঙ কমলা। দেওয়া হয়েছে ক্রুদ্ধ শিশুর অবয়ব। আর নিচের দিকে সেফটিপিন দিয়ে একটি ডায়াপারও পরানো হয়েছে।
ট্রাম্পের যুক্তরাজ্য সফরের প্রতিবাদে বিক্ষোভের আয়োজকদের উদ্যোগেই তৈরি হয়েছে এ বেলুন। এটি ওড়ানোর আবেদন অনুমোদন করেছেন লন্ডনের মেয়র সাদিক খান।
শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকারের স্বীকৃতি দিতেই এ বেলুন ওড়ানোর অনুমতি দেওয়া হয়েছে বলে মেয়রের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে।
১০ হাজারেরও বেশি মানুষ বেলুনটি ওড়ানোর আবেদন জানিয়ে একটি পিটিশন স্বাক্ষর করে এবং বহু মানুষ এর জন্য অর্থও দেন। এরপরই এ পরিকল্পনায় সায় দেন মেয়র।
এ ক্রাউডফান্ডিং পরিকল্পনার মূলে রয়েছেন লিও মারি। তিনি বলেন, “লোকজন যখন বেলুনটিকে নিয়ে মজা করবে তখন ট্রাম্প নিশ্চয়ই বিরক্ত হবেন। সুতরাং, তিনি যখন শুক্রবার যুক্তরাজ্য সফরে আসবেন তখন আমরা তাকে নিশ্চিতভাবেই জানিয়ে দিতে চাই যে, গোটা ব্রিটেন তাকে শ্রদ্ধার চোখে দেখছে না এবং তাকে হাসির পাত্রই মনে করছে।”
বেলুনটি উড়ানোর সময়টিতে লন্ডনের কেন্দ্রস্থলে একটি বিক্ষোভ মিছিল হওয়ারও কথা রয়েছে।
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্টের যুক্তরাজ্য সফর ঘিরে শুরু থেকেইসরব ছিলেন বিক্ষোভকারীরা। বিক্ষোভ প্রতিবাদ হলে যুক্তরাজ্য সফর করবেন না বলে জানিয়েছিলেন ট্রাম্পও।
গত ফেব্রুয়ারিতে সফর বাতিলও করেছিলেন তিনি। তবে পরে হোয়াইট হাউজ এবং ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জুলাইয়ে ট্রাম্প যুক্তরাজ্য সফরে যাবেন বলে জানানো হয়।
