২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যোজাত শিশুকে স্তন্যপান করালেন বাবা!

যুক্তরাষ্ট্রের উইসকনসিনে সন্তান জন্ম দিতে গিয়ে এক নারী গুরুতর অসুস্থ হয়ে পড়লে সদ্যোজাত শিশুটিকে স্তন্যপান করানোর সিদ্ধান্ত নেন বাবা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2018, 09:07 PM

Updated : 08 Apr 2022, 06:38 PM

অন্তঃসত্ত্বা এপ্রিল নোইবাওয়ারের গর্ভকালীন জটিলতা এবং উচ্চ রক্তচাপ ছিল। প্রসব বেদনার সঙ্গে তার খিঁচুনি শুরু হলে চিকিৎসকরা জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।

গত ২৬ জুন কন্যা রোজালির জন্মের পর তার মায়ের আবারও খিঁচুনি শুরু হয়। সেকারণে দ্রুত তাকে প্রয়োজনীয় চিকিৎসা করাতে হয়। আর সাড়ে তিন কেজি ওজনের রোজালিকে দেওয়া হয় তার বাবা মেক্সামিলিয়ানের হাতে।

বিবিসি’কে মেক্সামিলিয়ান বলেন, “একজন সেবিকা ছোট্ট সুন্দর মেয়েটিকে নিয়ে বেরিয়ে আসেন। আমরা নার্সারিতে যাই। আমি সেখানে বসি এবং তাকে বুকের উত্তাপ দিতে আমার শার্ট খুলে ফেলি।”

“তখন সেবিকা আমাকে বলেন, তাকে খাবার দিতে হবে। তাকে আঙ্গুলে করে খাবার দিয়ে খাওয়ানো শুরু করতে হবে। তারপর হঠাৎ করেই তিনি জিজ্ঞাসা করেন, আমি একটি প্ল্যাস্টিকের নিপল পরে সত্যিকারের বুকের দুধ খাওয়ানোর মত কিছু করতে চাই কিনা। এ ধরনের কিছু করলে আমি ভাঁড়ে পরিণত হতে পারি- একথা ভেবেও পরে আমি বললাম, নিশ্চয়ই… কেন নয়।”

তারপর সেবিকা মেক্সিমিলিয়ানের বুকে একটি প্ল্যাস্টিকের নিপল সেঁটে দেন। একটি টিউবের মাধ্যমে সেখানে তরল খাবার আসছিল।

ম্যাক্সিমিলিয়ান বলেন, “আমাকে রোজালিকে বুকের দুধ খাওয়াতে দেখে আমার শাশুড়ি প্রথমে নিজের চোখকে বিশ্বাস করতে পারেননি।”

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ও ইন্সটাগ্রামে নিজের মেয়েকে বুকের দুধ খাওয়ানোর ছবি পোস্ট করেছেন মেক্সামিলিয়ান। ছবিগুলোতে তার মুখভঙ্গি হাস্যজ্জ্বল।

তিনি বলেন, “আমার ছোট্ট মেয়েটিকে দেখার সঙ্গে সঙ্গে আমি তার প্রতি টান অনুভব করি। আমি তাকে জড়িয়ে ধরি এবং তাকে বুকের দুধ পানের অভ্যাস করতে সাহায্য করতে পেরেছি বলেই আশা করছি।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ মেক্সামিলিয়ানের এ উদ্যোগের প্রশংসা করেছেন। যদিও কেউ কেউ সমালোচনা করতে ছাড়েননি।

ফেইসবুকে একজন লেখেন, “ঠিক মম ট্যাটুর নিচে, এটা সত্যি তার মা হওয়া বোঝাচ্ছে।”

অন্য একজন লেখেন, “দুঃখিত, খুবই খারাপ দেখাচ্ছে। যদি মা বুকের দুধ খাওয়াতে না পারেন তবে বোতল ব্যবহার করা যেত।”

মেক্সামিলিয়ানের পোস্টটি ৩০ হাজারের বেশি বার শেয়ার করা হয়েছে। শত শত মানুষ মন্তব্য করে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন।

তিনি বলেন, “আমি একজন ভালো বাবা হতে একাজ করেছি। সেইসঙ্গে সেবিকাদের জন্য আমি নায়ক হতে চেয়েছি, কারণ তারা মহানায়ক।”

“তারপরও ওইসব মায়েদের ভুলে যাবেন না। আমি তাদের জন্যও এটি করেছি।”