২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ডের গুহায় আটকাপড়া কিশোররা সুস্থ আছে

থাইল্যান্ডের একটি জলমগ্ন গুহায় আটকে পড়া ১২ কিশোর ও তাদের ফুটবল কোচের শারীরিক অবস্থা ভালো আছে বলে নতুন একটি ভিডিওতে দেখা গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2018, 03:10 PM

Updated : 11 Oct 2022, 12:28 PM

থাইল্যান্ড নৌবাহিনীর নেভি সিল টিমের ওই ভিডিওটিতে হাস্যোজ্জ্বল ১৩ জনের সবাই নিজেদের নাম জানিয়ে থাই রীতি অনুসারে অভিবাদন জানিয়েছেন, খবর বিবিসির।

গুহা অভ্যন্তরের সঙ্কীর্ণ পথ ও বাড়তে থাকা পানির সঙ্গে সংগ্রাম করে ভিতরে ঢুকে সোমবার গভীর রাতে ডুবুরিরা গুহাটির প্রবেশমুখ থেকে চার কিলোমিটার ভিতরের উঁচু এক পাথরখণ্ডের ওপর ওই কিশোর দল ও কোচের সন্ধান পান।

তাদের উদ্ধার করে বাইরে নিয়ে আসতে কয়েক মাসও লেগে যেতে পারে বলে ধারণা করছে কর্তৃপক্ষ। 

কর্মকর্তারা জানিয়েছেন, গুহার বাইরে বের করে আনতে হয় ওই ১৩ জনকে যন্ত্রপাতিসহ ডাইভিংয়ের প্রশিক্ষণ দিতে হবে অথবা পানি নেমে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

দেশটিতে বর্ষা ঋতু মাত্র শুরু হওয়ায় কবে পানি কমবে তা নিয়ে নিয়ে উদ্বেগ আছে। এই ঋতু যত অগ্রসর হবে থাম লুয়াং গুহায় পানির স্তরও তত বাড়বে বাড়বে বলে মনে করা হচ্ছে।

থাই নেভি সিলের ফেইসবুক পেইজে দেওয়া নতুন ভিডিওতে গুহা অভ্যন্তরে থাকা কিশোর দলের সদস্যদের শরীর উষ্ণ রাখতে তাদের কম্বলের ব্যাগ দিয়ে মুড়িয়ে দিতে দেখা গেছে।

টর্চের মৃদু আলোতে ডুবুরিদের পাশে বসে তারা একে একে নিজেদের নাম জানিয়ে স্থানীয় রীতি অনুযায়ী হাত জোড় করে ‘ওয়াই’ সম্ভাষণ জানায়।

আরও দুটি ভিডিওর একটিতে এক সামরিক চিকিৎসককে কিশোর দলটির সদস্য ও তাদের কোচের হালকা কাটাছেঁড়ার চিকিৎসা করতে ও অপরটিতে ‘কখন খাবার আসবে’ সে বিষয়ে কিশোরদের প্রশ্ন করতে দেখা গেছে। 

গুহার ভেতরে আটকা পড়া ১৩ জনের ওই দলটির সঙ্গে সবসময় দুইজন করে নেভি সিলের ডুবুরি থাকবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কর্মকর্তারা বলছেন, কিশোরদের নিরাপত্তার কথা বিবেচনা করে তারা কোনো রকমের ঝুঁকি না নেওয়ার কথা ভাবছেন। কী করে নিরাপদে তাদেরকে গুহার বাইরে নিয়ে আসা যায় তা নিয়ে পরিকল্পনা আঁটছেন উদ্ধারকর্মীরা।

কিশোর ফুটবল দলের সদস্য ও কোচকে উদ্ধারে বুধবার কোনো ধরনের অভিযান চালানো হবে না বলে সকালে এক সংবাদ সম্মেলনে জানিয়েছে কর্তৃপক্ষ।

পাম্পের মাধ্যমে গুহাটির ভেতর থেকে পানি সরিয়ে নেওয়ার তৎপরতা অব্যাহত আছে বলে জানিয়েছে বিবিসি। কিশোররা গুহাটির যে প্রকোষ্ঠে অবস্থান করছে সেখানে পানির স্তর বৃদ্ধি ঠেকানোর ব্যাপারে নিজেদের আস্থার কথাও জানিয়েছেন কর্মকর্তারা।

কিশোরদের সঙ্গে তাদের পরিবারের সদস্যদের কথা বলাতে মঙ্গলবার গুহার ভেতরেই একটি ফোন লাইন বসানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন জরুরি বিভাগের কর্মীরা।

কোনো কারণে কিশোর দল ও কোচকে দ্রুত বাইরে নিয়ে আসা হলে তাদের তাৎক্ষণিক চিকিৎসার বিষয়ে গুহার বাইরে মহড়া চালাচ্ছেন চিকিৎসকরা। 

গত ২৩ জুন ফুটবল প্রশিক্ষণের পর ২৫ বছর বয়সী কোচের সঙ্গে ১১ থেকে ১৬ বছর বয়সী ওই ১২ কিশোর মিয়ানমার সীমান্তের নিকটবর্তী একটি ফরেস্ট পার্কের থাম লুয়াং গুহাটি দেখতে গিয়েছিল। ভিতরে প্রবেশ করার পর প্রবল বৃষ্টিপাতে গুহার কিছু সঙ্কীর্ণ অংশ পানিতে পুরোপুরি ডুবে গেলে তারা ভিতরে আটকা পড়ে।

থাইল্যান্ডের উত্তরাঞ্চলীয় প্রদেশ চিয়াই রাইয়ের এ গুহাটিতে তারা যখন প্রবেশ করে তখন এতে পানি ছিল না বলে মনে করা হচ্ছে। তুমুল বর্ষণের পর হুট করে পানি বেড়ে তাদের বেরিয়ে আসার পথ বন্ধ হয়ে যায়।

বৃষ্টির কারণে বিঘ্নিত উদ্ধার তৎপরতার দশদিনের মাথায় সোমবার গভীর রাতে তাদের খোঁজ পাওয়া যায়।