আফগানিস্তানে ৬০ স্কুলছাত্রী বিষক্রিয়ায় আক্রান্ত
আফগানিস্তানে একটি বালিকা বিদ্যালয়ের ৬০ জনের বেশি ছাত্রী রহস্যজনকভাবে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
পূর্বাঞ্চলের পারওয়ান প্রদেশে জারবিয়া গার্লস স্কুলে রোববার সকালে এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আর কোনো তথ্য দেওয়া হয়নি।
তবে পারওয়ান শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক নিজামুদিন রাহিমি ঘটনার বর্ণনায় বলেন, শিক্ষার্থীরা স্কুলের কাছের একটি খালের বিষাক্ত পানি পান করেছিল।
অসুস্থ শিক্ষার্থীদের প্রাদেশিক রাজধানী চারিকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে বলেও জানান তিনি।
পারওয়ান প্রদেশের কয়েকটি এলাকায় তালেবান জঙ্গিরা সক্রিয়। চরমপন্থি এ দলটি নারী শিক্ষার বিরুদ্ধে।
