যুক্তরাষ্ট্রে শিশুর জন্মদিনের পার্টিতে ছুরি হামলায় আহত ৯
যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের রাজধানী বয়সিতে তিন বছর বয়সী এক শিশুর জন্মদিনের অনুষ্ঠানে এক ব্যক্তির ছুরি হামলায় নয় জন আহত হয়েছেন।
শরণার্থী পরিবারগুলোর এক আবাসিক কমপ্লেক্সের এ ঘটনায় আহতদের মধ্যে ছয়টি শিশু রয়েছে বলে রোববার জানিয়েছে পুলিশ, খবর বার্তা সংস্থা রয়টার্সের।
এ ঘটনায় ৩০ বছর বয়সী টিমি কেনারকে গ্রেপ্তার করেছে বয়সির পুলিশ।
শরণার্থী না হয়েও লস অ্যাঞ্জেলস থেকে আসা কেনার ওই কমপ্লেক্সটিতেই থাকছিলেন বলে জানিয়েছে পুলিশ। ঘটনার একদিন আগে কমপ্লেক্সটির এক বাসিন্দা কেনারকে কমপ্লেক্স ছেড়ে চলে যেতে বলেছিলেন বলেও জানিয়েছে তারা।
গ্রেপ্তার করার পর কেনারকে কোনো জামিন ছাড়াই এইডা কাউন্টির কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে ছয়টি শিশুকে আহত করার অভিযোগসহ মোট ১৫টি অভিযোগ আনা হয়েছে। কেনারের পক্ষে কোনো আইনজীবীর নাম তালিকাবদ্ধ করা হয়নি।
এক ভাড়াটিয়া কেনারকে ওই কমপ্লেক্সটিতে নিয়ে এসেছিলেন। তিনি কেনারকে বের করে দেওয়ায় ‘প্রতিশোধ’ নিতে সে এমন কাজ করে থাকতে পারে বলে রোববার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন বয়সির পুলিশ প্রধান বিল বোন্স।
পুলিশ জানিয়েছে, যে নারী কেনারকে ওই কমপ্লেক্সে নিয়ে এসেছিলেন তিনি অক্ষত আছেন এবং হামলার সময় তিনি সেখানে ছিলেন না। ওই নারীকে খুঁজে না পেয়ে কেনার ওই জন্মদিনের পার্টিতে শিশুদের ওপর হামলা চালায়।
তার হামলার উদ্দেশ্য এখনও তদন্তনাধীন আছে বলে জানিয়েছেন বোন্স।
যেসব শিশুদের ওপর হামলা চালানো হয়েছে তাদের বয়স তিন থেকে ১২-র মধ্যে বলে জানিয়েছেন তিনি। কেনানকে বাধা দিতে গিয়ে পূর্ণবয়স্ক আরও তিন জন আহত হন। আহতদের মধ্যে চার জনের অবস্থা সঙ্কটজনক।
আহতদের মধ্যে সিরিয়া, ইরাক ও ইথিওপিয়ার লোক আছেন বলে জানিয়েছেন বোন্স।
হামলাকারী কেনান অতীতেও অনেক অপরাধ করেছেন এবং সে এবার যাদের ওপর হামলা চালিয়েছে তাদের কেউ তার পূর্বপরিচিত ছিল না।
