নাজিবের বাড়ি থেকে ২৭ কোটি ডলারের সম্পদ জব্দ
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক ও তার স্ত্রীর মালিকাধীন বাড়ি ও অ্যাপার্টমেন্ট থেকে ২৭ কোটি ৩০ লাখ মার্কিন ডলার সমমূল্যের গহনা, হ্যান্ডব্যাগ, নগদ অর্থ ও বিভিন্ন দেশের মুদ্রা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ওয়ানএমডিবি তহবিল কেলেঙ্কারি নিয়ে তদন্তের অংশ হিসেবে নাজিব ও তার স্ত্রী রোজমাহ মনসুরের মালিকানাধীন সম্পত্তিতে পুলিশি অভিযান চলছে।
বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে মালয়েশিয়াকে শীর্ষ অর্থনীতির দেশে পরিণত করার পরিকল্পনার অংশ হিসেবে প্রধানমন্ত্রী থাকার সময়ে নাজিবই ওয়ানএমডিবি তহবিল সংগ্রহের কার্যক্রম শুরু করেছিলেন।
কিন্তু পরে ওই তহবিলের ৭০ কোটি মার্কিন ডলার আত্মসাতের অভিযোগ উঠে নাজিবের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রসহ আরও ততোধিক দেশে এই অর্থ কেলেঙ্কারি নিয়ে নাজিবের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তদন্ত চলছে।
যদিও মালয়েশিয়ার আদালত তৎকালীন প্রধানমন্ত্রী নাজিবকে ওয়ানএমডিবি অর্থ কেলেঙ্কারির অভিযোগ থেকে মুক্তি দিয়েছিলেন।
কিন্তু গত মে মাসের নির্বাচনে দেশটিতে সরকার বদলের পর নতুন প্রধানমন্ত্রী মাহথির মোহাম্মদ ক্ষমতায় এসে নতুন করে ওই দুর্নীতি তদন্তের নির্দেশ দিয়েছেন।
জব্দ করা গহনাগুলোর মধ্যে ১৬ লাখ মার্কিন ডলার মূল্যের সোনা ও হীরার নেকলেস ও ১৪টি টায়রা রয়েছে। এছাড়াও, অত্যন্ত দামী ব্র্যান্ড হার্মেসের ২৭২টি হাতব্যাগ জব্দ করেছে পুলিশ।
মালয়েশিয়ার ইতিহাসে জব্দ করা এসব সম্পদের পরিমাণ সবচেয়ে বেশি বলেও বর্ণনা করেছে পুলিশ।
পুলিশ জানায়, এ পর্যন্ত তারা ৫৬৭টি দামী হ্যান্ডব্যাগ, প্রায় তিন কোটি মার্কিন ডলার ক্যাশ, ৪২৩টি দামী ঘড়ি ও ২৩৪ জোড়া দামী সানগ্লাস জব্দ করেছে।
এক সংবাদ সম্মেলনে পুলিশের কমার্শিয়াল ক্রাইম ডিভিশনের প্রধান অমর সিং বলেন, “আমরা এখনো জব্দ করা সম্পদ গুণে শেষ করতে পারিনি। কারণ, সেগুলো পরিমানে অনেক বেশি।”
জব্দ করা সম্পদ গুণতে এবং সেগুলোর মূল্য নির্ধারণে আনুষ্ঠানিকভাবে পাঁচ সপ্তাহ সময় নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
নাজিব ক্ষমতায় থাকাকালে গত কয়েক বছর ধরেই তার স্ত্রী রোজমাহের কেনাকাটার বাতিক এবং ব্র্যান্ডের পণ্যের প্রতি ভালোবাসা আলোচিত-সমালোচিত হচ্ছিল।
তাকে ফিলিপিন্সের সাবেক ফার্স্ট লেডি ইমেলদা মার্কোসের সঙ্গেও তুলনা করা হচ্ছিল। মে মাসের জাতীয় নির্বাচনে রাজাকের ভরাডুবির প্রধান কারণ ছিল এই অর্থ কেলেঙ্কারি।
নাজিবকে ক্ষমতা থেকে সরাতেই দেশটির প্রভাবশালী প্রবীণ নেতা মাহাথির মোহাম্মদ তার নিজ দলের বিপক্ষে গিয়ে এক সময়ের চরম প্রতিপক্ষ আনোয়ার ইব্রাহিমের সঙ্গে জোট বেঁধে নির্বাচন করেন।
