মনোনয়ন দৌড়ে হারলেন প্রভাবশালী ডেমোক্রেট নেতা ক্রাউলি
যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট দলের অন্যতম শীর্ষ নেতা, দেশটির প্রতিনিধি পরিষদের চতুর্থস্থানীয় ডেমোক্রেট দলীয় সদস্য জোসেফ ক্রাউলি মনোনয়ন দৌড়ে দলের নবীন এক প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন।
প্রতিনিধি পরিষদের আসন্ন নির্বাচনে ক্রাউলির ২৮ বছর বয়সী ডেমোক্রেট সোশ্যালিস্ট আলেকজান্ড্রিয়া ওকাসিও কোর্তেজ এর কাছে পরাজিত হয়েছেন বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের।
ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন পেয়ে এবারের নির্বাচনে ক্রাউলির আসনে প্রার্থী হবেন কোর্তেজ।
নিউ ইয়র্কের ওই আসনটি থেকে পরপর ১০ বার নির্বাচিত হয়েছেন ক্রাউলি। ১১তম মেয়াদের জন্যও মনোনয়ন চেয়েছিলেন তিনি। এর আগে গত ১৪ বছর ধরে নিজ দল থেকে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হননি তিনি।
এবার চ্যালেঞ্জের মুখোমুখি হয়েই হেরে গেলেন। নির্বাচনে ডেমোক্রেট পার্টি সংখ্যাগরিষ্ঠতা পেলে কুইন্স ডেমোক্রেট পার্টির প্রধান ক্রাউলি স্পিকার হতে পারেন, এমন ধারণা করা হচ্ছিল বলে খবর যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের। কিন্তু মনোনয়ন না পাওয়ায় ক্রাউলির স্পিকার হওয়ার সম্ভাবনা ভেস্তে গেল।
ওকাসিও কোর্তেজ ডেমোক্রেট দলীয় নেতা বের্নি স্যান্ডাসের সমর্থক।
যুক্তরাষ্ট্র কংগ্রেসের ২০১৮-র নির্বাচনকে সামনে রেখে ডেমোক্রেট পার্টিতে বামপন্থিদের বিদ্রোহ বাড়ছে এবং ক্রাউলির অপ্রত্যাশিত পরাজয়েও সেই ইঙ্গিত পাওয়া গেছে বলে মন্তব্য রয়টার্সের।
